এবার রোনাল্ডো খেলবেন ভারতের মাটিতে? পর্তুগালের সঙ্গে শুরু আলোচনা, কবে হতে পারে ম্যাচ?
Anwesha Adhikary
পর্তুগালের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর যাত্রা কি শেষ? গত কয়েকঘণ্টার ঘটনাক্রমে গোটা বিশ্বজুড়ে চলছে এই চর্চা। তবে তার মধ্যেই ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য বিরাট সুখবর। শোনা যাচ্ছে, ব্রাজিল-উরুগুয়ের পর ভারতে খেলতে আসতে পারে পর্তুগালও। ইতিমধ্যেই রোনাল্ডোর দেশের সঙ্গে আলোচনা শুরু হয়ে গিয়েছে বলে খবর। যে সংস্থার হাত ধরে ভিনিসিয়াস জুনিয়ররা ভারতে আসছেন, তাদের উদ্যোগেই ভারতের মাটিতে খেলতে পারে রোনাল্ডোর দেশও।
ব্রাজিল দলের ভারত সফরের নেপথ্যে রয়েছে ‘বেস্ট অফ ইউ’ নামে এক সংস্থা। তাদের সিইও অনুজ কিচলু ফিফা স্বীকৃত ফুটবল এজেন্ট। বহু কাঠখড় পুড়িয়ে তিনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ভারতে আনার ব্যবস্থা করেছেন। সফলভাবে ব্রাজিল ম্যাচের ব্যবস্থা করার পর এবার অনুজের লক্ষ্য ইউরোপের তারকাখচিত দলগুলি। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই আগামী দিনের পরিকল্পনা সেরে ফেলেছে। সবকিছু সঠিকভাবে হলে পর্তুগালকে ভারতের মাটিতে খেলতে দেখা যেতেই পারে।
আরও পড়ুন:
অনুজ বলেছেন, ‘‘আমরা পর্তুগাল-ব্রাজিল ম্যাচ আয়োজন করেছি। দু’দেশের সঙ্গেই আমাদের ভাল যোগাযোগ আছে। আমরা পৃথিবীর যে কোনও দলকে যে কোনও জায়গায় খেলাতে পারি। ফ্রান্স, পর্তুগালের মতো দলের সঙ্গে আমরা কথা বলা শুরু করেছি। ব্রাজ়িল এবং উরুগুয়ে ম্যাচ যদি সফল হয় তা হলে পরে ভারতে বড় দল আনতে অনেকটাই সুবিধে হবে। আনতে না পারার কোনও কারণ নেই।’’ অর্থাৎ আগামী দিনে ফ্রান্স এবং পর্তুগাল দুই দলকই ভারতে খেলতে দেখা যেতে পারে।
যদিও এই মহাশক্তিধর দেশগুলিকে ভারতে খেলানোর জন্য রাজি করানোটা বেশ চ্যালেঞ্জের বলেই জানিয়েছেন অনুজ। তাই এই দলগুলির আন্তর্জাতিক সূচির দিকে নজর রাখেন তিনি। যেহেতু ব্রাজিল, উরুগুয়ে এবং পানামা তিন দেশই এশীয় সফর করছে, সেই ফাঁকেই ভারত ম্যাচ আয়োজন করতে অনেকটা সুবিধা হয়েছে। এশিয়ার অন্য়ান্য বিশ্বকাপার দেশগুলিতে খেলার মাঝে ভারতের বিরুদ্ধে খেলবে লাতিন আমেরিকার এই তিন দেশ। আগামী দিনে সেই একই ফর্মুলা কাজে লাগবে কি? পর্তুগাল-ফ্রান্স ভারতে আসবে কি? আশায় বুক বাঁধছে ফুটবলপ্রেমীরা।