রক্ত-মাংসের ঈশ্বরের বিদায়! পর্তুগালের জার্সিতে রোনাল্ডোর এই ৫ রেকর্ড ভাঙা 'অসম্ভব'
ফুটবল ইতিহাসে স্থায়ীভাবে নাম লিখিয়ে ফেলেছেন সিআর সেভেন।
Subhajit Mandal
04:59 PM Nov 05, 2026 IST
-
-
ক্লাব ও দেশের জার্সিতে রোনাল্ডোর কীর্তি অগণিত। এমন কিছু রেকর্ড করেছেন যা এক কথায় অভাবনীয়। এমন কিছু রেকর্ড যা সম্ভবত কারও পক্ষে কোনওদিন ভাঙা সম্ভব হবে না। এমন কিছু রেকর্ড যা লিওনেল মেসিও ভাঙতে পারেননি। গোটা কেরিয়ারে যাকে মেসির ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হয়েছে, তিনি এমন কিছু কীর্তি রেখে গেলেন যা মেসি তো দূর, কারও পক্ষেই সম্ভব হয়নি।
-
আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল: পর্তুগালের জার্সি গায়ে রোনাল্ডো গোল করেছেন ১৪৮টি। আর কোনও ফুটবলার তাঁর এই রেকর্ডের ধারেকাছে যেতে পারেননি। আন্তর্জাতিক ফুটবলে গোলদাতাদের তালিকায় রোনাল্ডোর পর দু'নম্বরে নাম লিওনেল মেসির। ১২৬ গোল করে অবসর নিয়েছেন তিনি। সক্রিয় ফুটবলারদের মধ্যে লুকাকু (৯৪) ও হ্যারি কেন (৯১)। তাঁরা এখন কেরিয়ারের যে প্রান্তে দাঁড়িয়ে, তাঁদের পক্ষেও ওই রেকর্ড ভাঙা একপ্রকার অসম্ভব।
-
টানা ২৩ বছর ধরে আন্তর্জাতিক ফুটবলে গোল করে চলেছেন রোনাল্ড। সেই ২০০৪ সালে ১৯ বছর বয়সে পর্তুগালের জার্সিতে প্রথম গোল সিআর সেভেনের। তারপর আলাদা আলাদা ২৩টি বছর গোল করেছেন সিআর সেভেন। যা একপ্রকার অভাবনীয়। আর কোনও ফুটবলার এই রেকর্ডের ধারেকাছে নেই। লিওনেল মেসিও নেই। ২৩টি বছর গোল করতে হল কী পরিমাণ ফিটনেসের দরকার হয়, সেটা অনেক ফুটবলারের পক্ষে ভাবাটাই দুঃসাধ্য।
-
সেই ২০০৬ বিশ্বকাপে শুরু। তারপর ২০২৬ পর্যন্ত সব কটা বিশ্বকাপে অন্তত একটি করে গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। টানা ৬ বিশ্বকাপে গোল আর কোনও ফুটবলার করতে পারেননি। না কোনও পুরুষ, না কোনও মহিলা। এত দীর্ঘ সময় ধরে ফিটনেস বজায় রাখা সম্ভবত আর কারও পক্ষেই সম্ভব হবে না। বিশ্বকাপের মূল পর্বে রোনাল্ডো ১১ গোল করেছেন। সেটাও পর্তুগিজদের মধ্যে সর্বাধিক। ভুলে গেলে চলবে না রোনাল্ডো পাঁচটি ইউরোও খেলেছেন।
-
আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি গোল, ম্যাচ ও জয় সব রেকর্ডই রোনাল্ডোর নামে। মজার কথা হল, কোনও পর্তুগিজ তো বটেই আর কোনও দেশের, কোনও ফুটবলারই এই রেকর্ড স্পর্শ করতে পারেননি। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ ২৩৪, সবচেয়ে বেশি জয় ১৪২ এবং সবচেয়ে বেশি গোল ১৪২ তাঁর। মজার কথা হল এমন অনেক দেশ রয়েছে যারা গোটা দল মিলিয়ে এত ম্যাচ খেলেনি, এত ম্যাচ জেতেনি বা এত গোল করেনি।
-
২০২৬ বিশ্বকাপে নকআউট পর্বে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পেনাল্টি স্পট থেকে গোল করে ইতিহাসে স্থায়ীভাবে নাম লিখিয়ে ফেলেছেন সিআর সেভেন। ওই গোল করার সময় তাঁর বয়স ছিল ৪১ বছর ১৪৭ দিন। নকআউটে সবচেয়ে বেশি বয়সে গোল করার এই রেকর্ড আর কোনও ফুটবলার আদৌ ভাঙতে পারবেন কিনা সংশয় রয়েছে। শুধু তাই নয়, পর্তুগালের জার্সিতে ১০টি হ্যাটট্রিক করেছেন রোনাল্ডো। যা আরও কারও পক্ষে ভাবাটাই দুষ্কর।
Advertisement
Advertisement