দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Kerala Blasters

ভারতীয় ফুটবলেও এবার আরবের টাকা! কেরালা ব্লাস্টার্সের মালিকানার দৌড়ে কারা?

প্রায় এক দশক ক্লাব চালানোর পর ম্যাগনাম স্পোর্টস প্রাইভেট লিমিটেড তাদের ১০০ শতাংশ শেয়ার বিক্রি করে দিয়েছে।
Prasenjit Dutta
06:23 PM Sep 30, 2026 IST
প্রায় এক দশক ক্লাব চালানোর পর ম্যাগনাম স্পোর্টস প্রাইভেট লিমিটেড তাদের ১০০ শতাংশ শেয়ার বিক্রি করে দিয়েছে।
মালিকানায় বদল কেরলা ব্লাস্টার্সের। ফাইল ছবি।

ভারতীয় ফুটবলেও এবার আরবের টাকা! নতুন আইএসএল মরশুম শুরুর মুখেই মালিকানা বদল হল দেশের অন্যতম জনপ্রিয় ক্লাব কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters)। প্রায় এক দশক ক্লাব চালানোর পর ম্যাগনাম স্পোর্টস প্রাইভেট লিমিটেড তাদের ১০০ শতাংশ শেয়ার বিক্রি করে দিল সংযুক্ত আরব আমিরশাহীর স্পোর্টস-টেক সংস্থা আল ফুরসানের কাছে। ক্লাবের তরফে এই ঘোষণা করা হয়েছে।

জানা গিয়েছে, পুরো মালিকানা হস্তান্তরের প্রক্রিয়াটি ধাপে ধাপে এগোবে। চলতি মরশুমের মধ্যেই তা সম্পূর্ণ হওয়ার কথা। ফলে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে ম্যাগনাম স্পোর্টসের প্রায় ১০ বছরের সম্পর্কের ইতি ঘটছে। একই সঙ্গে ক্লাবের পরিচালন সহযোগী হিসাবে দায়িত্ব পেয়েছে কেরালার স্পোর্টস ম্যানেজমেন্ট সংস্থা অফিওহ স্পোর্টি। তাদের সিইও থামিম আনোয়ার এবং সহ-প্রতিষ্ঠাতা শরথ কুনিয়িল ক্লাবের দৈনন্দিন কাজকর্ম সামলাবেন। আনোয়ারের কথায়, "ক্লাব নিরাপদ হাতেই রয়েছে।"

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

মালিকানা ছাড়ার সিদ্ধান্ত যে সহজ ছিল না, তা জানিয়েছে বিদায়ী শেয়ারহোল্ডাররা। এক বিবৃতিতে তাঁরা বলেছে, 'অনেক ভাবনাচিন্তার পর এই সিদ্ধান্ত। কেরালা ব্লাস্টার্স মানুষের কাছে কতটা আবেগের, তা জানি। সেই সম্মান রেখেই এই সিদ্ধান্ত।' বিদায়ী মালিকপক্ষ জানিয়েছে, গত ১০ বছরে তাঁরা এমন একটি ভিত তৈরি করে দিয়ে যাচ্ছেন, যার উপর দাঁড়িয়ে ভবিষ্যতে আরও বড় হতে পারে কেরালা ব্লাস্টার্স। তাদের বক্তব্য, 'কেরালা ব্লাস্টার্স এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমরা ক্লাব ছাড়ছি এই বিশ্বাস নিয়েই। ভারতীয় ফুটবলে যে পরিবর্তন আসছে, তার সঙ্গে তাল মিলিয়ে ক্লাব আরও উন্নতি করবে। কেবল একটি ফুটবল ক্লাবের দায়িত্ব নেওয়া নয়। আমরা এমন একটি পরিবার, সংস্কৃতির অংশ হতে চলেছি, যা কেরালা ব্লাস্টার্সকে ভারতীয় ফুটবলের অন্যতম জনপ্রিয় ক্লাবে পরিণত করেছে।'

মালিকানা বদলালেও মাঠের পরিকল্পনায় আপাতত কোনও বদল নেই। আগামী মরশুমেও কেরালা ব্লাস্টার্সের কোচ থাকছেন অ্যাশলে ওয়েস্টউড। বুধবার চেন্নাইয়ে শুরু হচ্ছে দলের প্রস্তুতি শিবির। চলতি সপ্তাহেই সম্পূর্ণ স্কোয়াড ঘোষণা হতে পারে। ১১ অক্টোবর ইন্টার কাশীর বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইএসএল অভিযান শুরু করবে কেরালা। ২৫ অক্টোবর জওহরলাল নেহরু আন্তর্জাতিক স্টেডিয়ামে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে হবে তাদের প্রথম ঘরের ম্যাচ। কেরালা ব্লাস্টার্সের মালিকানা বদলের ঘটনাটি ভারতীয় ফুটবলে বৃহত্তর পরিবর্তনের ইঙ্গিতও দিচ্ছে।

বিশ্ব ফুটবলে আরবের বিপুল পুঁজি এখন আর নতুন কোনও ঘটনা নয়। আবু ধাবির শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানের মালিকানাধীন সিটি ফুটবল গ্রুপের অধীনে ম্যাঞ্চেস্টার সিটি, কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টসের মালিকানায় পিএসজি। সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের মালিকানায় নিউক্যাসল ইউনাইটেড। আর সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সাদিও মানের মতো তারকার উপস্থিতি সেই লিগের আন্তর্জাতিক আকর্ষণ আরও বাড়িয়েছে। এই প্রেক্ষাপটে কেরালা ব্লাস্টার্সের মালিকানায় আরবের সংস্থার প্রবেশ নিঃসন্দেহে নতুন অধ্যায়ের সূচনা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Indian footballISLKerala Blasters
Advertisement
Tags :
Indian footballISLKerala Blasters

নিয়মিত খবরে থাকতে ফলো করুন