বিদায় নিলেই দেউলিয়া ফুটবল সংস্থা! রোনাল্ডোকে বেশি দরকার পর্তুগালেরই, বলছে সমীক্ষা
Anwesha Adhikary
নিজের দেশের সর্বশ্রেষ্ঠ ফুটবলার। ৪১ বছর বয়সে বিশ্বকাপ খেলতে নেমেছেন, একগুচ্ছ নজির গড়েছেন। কিন্তু বিশ্বকাপ অধরা থেকে গিয়েছে। ফুটবলমহল বলছে, অনেক তো হল এবার থামুন। কিন্তু নিজের দল থেকে 'ঘাড়ধাক্কা' খেয়েও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) অবসর নেননি। এখনও তিনি পর্তুগালের জাতীয় দলের ফুটবলার। সেটা কি কেবলই ব্যক্তিগত স্বার্থে? নাকি এইভাবে খেলে যাওয়ার নেপথ্যে রয়েছে গভীর দেশপ্রেম আর ফুটবলের প্রতি ভালোবাসা?
বর্তমান ফর্ম বা পরিস্থিতি যাই হোক না কেন, পর্তুগালের ফুটবলকে রোনাল্ডো যে নিজের কাঁধে করে বহন করেছেন-এই নিয়ে ফুটবলমহলে দ্বিমত থাকা উচিত নয়। কিন্তু জাতীয় দলেই এখন 'বোঝা' হয়ে যাচ্ছেন রোনাল্ডো! নরওয়ের বিরুদ্ধে নেশনস লিগের শেষ ম্যাচে পর্তুগাল কোচ হোর্হে জেসাস মাঠে নামাননি টিমের মহাতারকাকে। সেই নিয়ে বিবাদের জেরে জাতীয় দলের শিবির থেকে মাঝপথেই বেরিয়ে গিয়েছেন ক্রিশ্চিয়ানো। অনেকে বলছেন, রোনাল্ডোর এটাই শেষ। পর্তুগালের জার্সি আর উঠবে না তাঁর গায়ে। অনেকেরই প্রশ্ন, লিওনেল মেসি তো সসম্মানে অবসর নিয়ে ফেলেছেন। তাহলে রোনাল্ডো নিচ্ছেন না কেন?
আরও পড়ুন:
বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, রোনাল্ডোর অবসরের উপর পর্তুগাল ফুটবল অনেকটাই নির্ভরশীল। বিশ্বকাপের পর পর্তুগিজ ইনস্টিটিউট অফ মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ড্যানিয়েল সা বলেছিলেন, “শুনতে খারাপ লাগলেও, পর্তুগালের গোটা জাতীয় দলের থেকে একা রোনাল্ডোর জনপ্রিয়তা অনেক বেশি। আমি স্রেফ ব্র্যান্ড ভ্যালুর নিরিখে বলছি, রোনাল্ডো চলে গেলে পর্তুগিজ ফুটবল বিশাল ধাক্কা খাবে। প্রচারের আলো থেকে একেবারে হারিয়ে যাবে পর্তুগিজ ফুটবল। একেবারে আলোর গতিতে পতন হবে। আসলে গত ২০ বছর ধরে রোনাল্ডোর জনপ্রিয়তায় ভর করেই একের পর এক চুক্তি করে আয় করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। তাই রোনাল্ডো চলে গেলে সেই আয়ের পথ বন্ধ হয়ে যাবে।”
ড্যানিয়েলের মতে, রোনাল্ডো স্রেফ ফুটবলার নন। গোটা পর্তুগালজুড়ে রয়েছে তাঁর প্রভাব। ফুটবলারদের মধ্যে সর্বাধিক ফলোয়ার রয়েছে তাঁর। দেশের একাধিক খাতে রয়েছে তাঁর বিনিয়োগ। সি আর সেভেন অবসর নিলেও তাঁর এই প্রভাব থেকে যাবে, অনেকখানি বাড়তেও পারে। কিন্তু তাতে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের লাভের সম্ভাবনা খুবই কম। ড্যানিয়েল বলছেন, রোনাল্ডোর উত্তরসূরি হিসাবে অন্যান্য তারকা তৈরি করা উচিত ছিল ফেডারেশনের। এমন তারকা দরকার পর্তুগিজ ফুটবলে, যাঁদের জনপ্রিয়তার জেরে ভরতে পারে ফেডারেশনের কোষাগার।