দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Khalid Jamil

'রক্ষণ গুছিয়ে আক্রমণেও উঠতে হবে', পাঁচবারের বিশ্বজয়ীদের বিরুদ্ধে কী স্ট্র্যাটেজি ভারতীয় কোচের?

ব্লু টাইগার্সের হারানোর কিছু নেই। তাই রায়ান উইলিয়ামস, এডমুন্ড, মনবীর সিং, আনোয়ার আলি, গুরপ্রীত সিংদের কাছ থেকে লড়াই আশা করছে আসমুদ্র হিমাচল।
Prasenjit Dutta
06:42 PM Oct 02, 2026 IST
ব্লু টাইগার্সের হারানোর কিছু নেই। তাই রায়ান উইলিয়ামস, এডমুন্ড, মনবীর সিং, আনোয়ার আলি, গুরপ্রীত সিংদের কাছ থেকে লড়াই আশা করছে আসমুদ্র হিমাচল।
যুবভারতীতে মহড়ার রায়ান উইলিয়ামসের সঙ্গে খালিদ জামিল। ছবি অমিত মৌলিক।

যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। যে ম্যাচকে বলা হচ্ছে, ভারতীয় ফুটবলের ইতিহাসে সবচেয়ে 'বড় ম্যাচ'। এতদিন ধরে যে দলের খেলা টেলিভিশনের পর্দায় দেখে বড় হওয়া, খাস সেই দল কলকাতার মাটিতে। বিশ্বকাপের সময় ঠিক যেভাবে চেহারাটাই বদলে যায় কল্লোলিনীর, সেভাবেই আরও একবার সেজে উঠেছে সে। শহরের অলিগলিতে কখনও উন্নীত ব্রাজিল পতাকা, কোথাও বা হলুদ-সবুজ জার্সি শোভা পেয়েছে। এমন একটা আবেগের ম্যাচে নামার আগে সতর্ক ভারতের কোচ খালিদ জামিল। 

ছবি অমিত মৌলিক।

খাতায়-কলমে ব্যবধানটা বিশাল। ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারতের থেকে ১৩২ ধাপ এগিয়ে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে তাই খালিদ জামিলের দলের সামনে কঠিন পরীক্ষা। তবে ফুটবল তো সব সময় র‌্যাঙ্কিংয়ের অঙ্ক মেনে চলে না। ৯৪ ধাপ এগিয়ে থাকা পানামার বিরুদ্ধে ১-১ ড্রয়ের ম্যাচে যে লড়াই করেছিল ভারত, সেটাই এখন খালিদের দলের বড় ভরসা। জানিয়েছেন, তাঁর মেয়াদে সেটাই অন্যতম সেরা ম্যাচ। তবে প্রতিপক্ষের নাম দেখে পরিকল্পনা বদলাতে নারাজ খালিদ। তাঁর কথায়, "ওরা বিশ্বের অন্যতম সেরা দল। আক্রমণের সঙ্গে রক্ষণ সমান তালে ভালো। গোটা ম্যাচেই সতর্ক থাকতে হবে।"

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

শুক্রবার সাংবাদিক বৈঠকের আগে খালিদ জামিলকে ব্রাজিলের কোচ কার্লো আন্সেলোত্তি জড়িয়ে ধরেন। দু'জনে একসঙ্গে ছবিও তোলেন। দু'জনের মধ্যে কী কথা হল? ভারতীয় কোচের জবাব, "তিনি শুধু আমাকে শুভেচ্ছা জানিয়েছেন।" তিনি আরও বলেন, "একটা ভালো ম্যাচ হতে চলেছে। ব্রাজিলের মতো দলের বিরুদ্ধে তো আর প্রতিদিন খেলার সুযোগ আসে না। ফুটবলারদের কাছে এটা দারুণ একটা সুযোগ। ওরাও যথেষ্ট উত্তেজিত। কাল সমর্থকদের সামনে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছে।"

তিনি আরও বলেন, "ওরা কেবল কোনও এক ফুটবলারের উপর নির্ভর করে না। প্রত্যেকে দুরন্ত। যারা পরিবর্ত হিসাবে নামবে, তারাও দারুণ। মনে হয় এখানে ওরা অনেককেই ঘুরিয়ে ফিরিয়ে খেলাবে। তাই বিপক্ষ দলের পরিকল্পনা আগে থেকে আঁচ করা কঠিন।" ব্রাজিলের মতো দলের বিরুদ্ধে খেললে চাপ থাকবে, ভয়ও থাকবে। সেটা লুকোচ্ছেন না খালিদ। বরং সেই চাপ সামলে স্বাভাবিক ছন্দে খেলার উপরই জোর দিচ্ছেন তিনি। খালিদের মন্তব্য, "হ্যাঁ, ভয় থাকবে। চাপও থাকবে। কিন্তু চাপ তো সামলাতে হবে। নিজেদের সেরাটা দিতে হবে। যে দায়িত্বটা যে ফুটবলারকে দেওয়া হয়েছে, সেটা নিয়েই ভাবতে হবে।"

সাংবাদিক সম্মেলনে আনোয়ার আলির সঙ্গে খালিদ। ছবি ছবি অমিত মৌলিক।

ব্রাজিলের বিরুদ্ধে ভালো ফলাফল পেতে গেলে আঁটসাঁট রাখতে হবে রক্ষণ। তবে পরিস্থিতি বুঝে আক্রমণেও উঠতে হবে। খালিদের সংযোজন, "পরিস্থিতি অনুযায়ী আমাদের ভাবতে হবে। ডিফেন্স করার সময় ডিফেন্স। আগ্রাসী খেলার সময় আগ্রাসী ফুটবল খেলতে হবে। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেব। প্রয়োজনে আক্রমণেও উঠতে হবে। আপনি যখন শক্তিশালী কোনও দলের বিরুদ্ধে খেলছেন, তখন রক্ষণ আপনাকে আঁটসাঁট রাখতেই হবে।"

খালিদ জামিলের সঙ্গে সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন ভারতের ডিফেন্সের অন্যতম স্তম্ভ আনোয়ার আলি। পাঁচবারের বিশ্বসেরা দের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী ভারতীয় ডিফেন্ডার। বললেন, "আগের ম্যাচে আমরা ভালো খেলেছি। কাল আরও একটি বড় ম্যাচ। তাই মাঠে নিজেদের ১০০ শতাংশ দিতে হবে। যে পরিকল্পনা করেছি, সেটাই ঠিক ভাবে কাজে লাগাতে হবে। নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে। সকলের কাছেই এটা বিশেষ একটা মুহূর্ত। এই সুযোগটা আমাদের পুরোপুরি কাজে লাগাতে হবে। শান্ত থাকতে হবে। ওরা কেমন খেলে, সেটা সবারই জানা। পানামার সঙ্গে যে কৌশলে খেলেছি, তার পার্থক্য থাকবে। প্রথমে মাঠে নেমে ওরা কীভাবে খেলছে, সেটা বুঝতে হবে। তার পর সেই অনুযায়ী নিজেদের কৌশল কাজে লাগাতে হবে।" ব্লু টাইগার্সের হারানোর কিছু নেই। তাই রায়ান উইলিয়ামস, এডমুন্ড, মনবীর সিং, আনোয়ার আলি, গুরপ্রীত সিংদের কাছ থেকে লড়াই আশা করছে আসমুদ্র হিমাচল।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Brazil Football TeamIndia Football TeamKhalid Jamil
Advertisement
Tags :
Brazil Football TeamIndia Football TeamKhalid Jamil

নিয়মিত খবরে থাকতে ফলো করুন