ছিলেন অফস্পিনার, জাতীয় স্তরে একাধিক পদক জয়, অভিনয়ের মতো ক্রীড়াজগতেও ঈর্ষণীয় সাফল্য নানার
Subhajit Mandal
নানা পাটেকরের (Nana Patekar) প্রয়াণ যেমন ভারতীয় অভিনয় জগতে অপার শূন্যতা তৈরি করেছে, তেমনই শোকবিহ্বল করে তুলেছে দেশের ক্রীড়ামহলকেও। আসলে অভিনয়ের পাশাপাশি খেলাধুলোর প্রতিও বড্ড বেশি আকৃষ্ট ছিলেন নানা। খেলা দেখতে ভালোবাসতেন, নিজে খেলতে ভালোবাসতেন। খানিকটা অভাবনীয় হলেও নানা জাতীয় স্তরের একজন সফল শ্যুটার ছিলেন। তাছাড়া ক্রিকেটের প্রতি তাঁর ভালোবাসাও কারা অজানা নয়।
১৯৯১ সালে 'প্রহার' ছবির কাজের জন্য শুটিং শেখা শুরু করেন নানা। ধীরে ধীরে শুটিংয়ের প্রতি ভালোবাসা তৈরি হয় তাঁর। বিভিন্ন স্তরের রাইফেল শুটিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করা শুরু করেন। ধীরে ধীরে রাজ্যস্তর এবং জাতীয় স্তরে খেলারও সুযোগ পান। ২০০৪ সালে জাতীয় স্তরে খেলাধুলোয় প্রথম পদক পান বলিউডের 'ক্রান্তিবীর।' ৪৮তম জাতীয় গেমসে ৩০০ মিটার বিগ বোর ইভেন্টে রুপো পান তিনি। ইন্দোরের রেওতি রেঞ্জে সেই অনুষ্ঠানে নানাকে দেখতে ভিড় জমিয়েছিলেন সেনাকর্মীরাও।
আরও পড়ুন:
৩ বছর বাদে ফের ওই একই ইভেন্টে সাফল্য। এবার দলগত ইভেন্টে ব্রোঞ্জ পান নানা। ফাইনালে তাঁর স্কোর ছিল ৫৪৯/৬০০। শুটিংয়ে সাফল্যের জন্য 'রিনাউন্ড শট' খেতাব দেওয়া হয় তাঁকে। ওই খেতাব যারা পান তাঁরা কোনওরকম শুল্ক ছাড়াই রাইফেল কেনার অধিকার পান। দেশের সামান্য কয়েকজন ক্রীড়াবিদেরই ওই খেতাব রয়েছে। মজার কথা হল, খেলাটাকে নানা এতটাই ভালোবাসতেন যে অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারলেও খেলা থেকে পারতেন না। এমনকী ৬০ বছর বয়সের পরও তিনি বিভিন্ন শুটিং প্রতিযোগিতায় অংশ নেন। বহু প্রতিযোগিতায় অতিথি হিসাবে উপস্থিত থাকতেন। উদীয়মান শুটারদের জন্য খেলার সরঞ্জাম কিনে দেওয়া, ট্রেনিংয়ের ব্যবস্থা করা এসবও করতেন নানা।
তাছাড়া তাঁর ক্রিকেটপ্রেম সর্বজনবিদিত। ভারতের ম্যাচ থাকলে নাওয়াখাওয়া ভুলে যেতেন তিনি। একটা সময় তিনি নিজেও ক্রিকেট খেলেছেন। মৃত্যুর কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে নানা জানান, মুম্বইয়ে ক্লাবস্তরে ক্রিকেট খেলেছেন। অফস্পিন বল করতেন তিনি। এমনকী শিবাজী পার্কে মুম্বই দলের নেট বোলার হিসাবেও খেলেছেন। ক্রিকেট দেখতে বড় ভালোবাসতেন নানা। ভারতীয় দলের ম্যাচ থাকলে অনেক সময় নাওয়াখাওয়া ভুলে টিভির সামনে বসে পড়তেন।