দুর্দান্ত খেলায় মালয়েশিয়াকে ৫ গোল, এশিয়াড হকিতে আবারও সোনাজয় ভারতের
Prasenjit Dutta
৪৪ বছর পর হকিতে সোনা এনে দিয়েছিলেন মেয়েরা। এবার পালা পুরুষদের। মালয়েশিয়াকে ৫-১ গোলে হারিয়ে ছেলেদের হকিতেও সোনা জিতল ভারত। হরমনপ্রীত সিংদের এই সাফল্যের সঙ্গে ২০২৮ অলিম্পিকের যোগ্যতাও অর্জন করল ভারতীয় দল। এর সঙ্গে সঙ্গে এশিয়ান গেমস (Asian Games 2026) হকিতে প্রথমবার জোড়া সোনা পেল ভারত।
শেষ দু'টি অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় দল শুরু থেকেই আগ্রাসী ছিল। ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত সিং। তিন মিনিটের মধ্যেই পালটা আক্রমণ থেকে সমতা ফেরায় মালয়েশিয়া। তবে ২৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে যুগরাজ সিংয়ের গোলে ফের এগিয়ে যায় ভারত।
আরও পড়ুন:
দ্বিতীয়ার্ধে একের পর এক পেনাল্টি কর্নার পেলেও গোলের দেখা মিলছিল না। শেষ পর্যন্ত ৪২ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান বাড়ান হার্দিক সিং। ৫৪ মিনিটে শিলানন্দ লাকরার গোলে ভারতের জয় কার্যত নিশ্চিত হয়ে যায়। ম্যাচের ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে স্কোর লাইন ৫-১ করেন হরমনপ্রীত। ১৪টি পেনাল্টি কর্নার পেলেও মাত্র তিনটি থেকে গোল করেছে ভারত। সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে খামতি থাকলেও শেষ পর্যন্ত মালয়েশিয়ার রক্ষণ ভেঙে 'পাঁচতারা' পারফরম্যান্স ভারতের।
হকির সঙ্গে কুস্তিতেও সোনা এসেছে। পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি বিভাগে উত্তর কোরিয়ার হান চং সংকে ১১-৭ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন আমন সেহরাওয়াত। এক সময় ৬-২ এগিয়ে থাকা আমন পরে ৬-৭ পিছিয়ে পড়েছিলেন। শেষ মুহূর্তে দুরন্ত প্রত্যাবর্তন করে ম্যাচ নিজের দখলে নেন ভারতীয় কুস্তিগির। এশিয়ান গেমসে এই ইভেন্টে ভারতের প্রথম সোনা এনে দিলেন আমন। তবে মেয়েদের ৫৩ কেজিতে জাপানের মো কিয়োকার কাছে ৯-১ হেরে রুপো পেয়েছেন অন্তিম পাঙ্ঘাল। পুরুষদের ৯৭ কেজিতে ব্রোঞ্জ জিতেছেন দীপক পুনিয়া। ৬০ বছর পর এই ইভেন্টে পদক পেল ভারত।
শনিবার ভারতের সোনার তালিকায় নাম লিখিয়েছেন ১৭ বছরের কুমকুম মহোদ ও প্রণবী উরস। মেয়েদের ব্যক্তিগত রিকার্ভে দক্ষিণ কোরিয়ার ইয়েজিন ও-কে শুট-অফে হারিয়ে ভারতের প্রথম মহিলা ব্যক্তিগত রিকার্ভ সোনা এনে দিয়েছেন কুমকুম। পাঁচ সেট শেষে দু'জনের পয়েন্ট সমান ছিল ৫-৫। শুট-অফে কুমকুম ১০ পয়েন্ট তুলে সোনা নিশ্চিত করেন। ইয়েজিন থামেন ৮-এ। পুরুষদের রিকার্ভে ব্রোঞ্জ পেয়েছেন নীরজ চৌহান। মেয়েদের গলফের ব্যক্তিগত বিভাগে ১৫ আন্ডার ২৬৫ স্কোর করে সোনা জিতেছেন প্রণবী। এই বিভাগেও ভারতের প্রথম সাফল্য। দলগত বিভাগে রুপো পেয়েছে ভারত।
আর দিনের শেষে সোনার মুকুটে যোগ হল ক্রিকেটও। ছেলেদের ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে সোনা জিতেছেন শ্রেয়স আইয়ারেরা। প্রথমে ব্যাট করে ভারত ৬ উইকেটে ২১১ রান তোলে। অভিষেক শর্মা ২৮ বলে ৬১ এবং তিলক বর্মা ২২ বলে অপরাজিত ৫১ রান করেন। জবাবে ৬ উইকেটে ১৯২ রানেই থামে পাকিস্তান। হাসান নওয়াজ ৫১ বলে ৯৬ রান করেও দলকে জেতাতে পারেননি। বাংলাদেশকে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে শ্রীলঙ্কা। সব মিলিয়ে ১৪তম দিনে ২১ সোনা, ২৭ রুপো, ৩৭ ব্রোঞ্জ নিয়ে পদক তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত।