লক্ষ্যভেদে ফের সোনা, বঙ্গকন্যার নিখুঁত নিশানায় আবারও এশিয়ার সেরা ভারত
Anwesha Adhikary
একদিনে তিনটি সোনার পদক জিতে হইচই ফেলে দিয়েছিলেন ভারতীয় তিরন্দাজরা। সেই সোনালি সাফল্যের ধারা এখনও অব্যাহত এশিয়াডে। দীর্ঘদিন ধরেই রিকার্ভ তিরন্দাজিতে একচ্ছত্র আধিপত্য ছিল দক্ষিণ কোরিয়ার। সেই দুর্গ গুঁড়িয়ে গেল শুক্রবার সকালে। গান্ধীজয়ন্তীতে তেরঙ্গা ওড়ালেন ভারতের তিনকন্যা। রিকার্ভ তিরন্দাজিতে সোনা জিতল কুমকুম অনিল মোহত, অঙ্কিতা ভকত এবং কীর্তি শর্মার দল।
মহিলাদের দলগত রিকার্ভ আর্চারিতে দক্ষিণ কোরিয়া বর্তমানে বিশ্বচ্যাম্পিয়ন। অলিম্পিকে ১০বার তারা সোনা জিতেছে। শুক্রবার সোনা জয়ের লক্ষ্যে সেই কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে হয় ভারতকে। সঙ্গী প্রবল হাওয়া। কিন্তু ফাইনালের শুরু থেকেই দক্ষিণ কোরিয়াকে সেয়ানে সেয়ানে টক্কর দিয়েছেন ভারতের তিনকন্যা। তৃতীয় সেটে পিছিয়ে পড়ে দক্ষিণ কোরিয়া। লিড ধরে রেখ শেষ পর্যন্ত সোনা ছিনিয়ে নিল ভারত। এই প্রথমবার রিকার্ভ তিরন্দাজিতে সোনা এল ভারতের ঘরে। সেই ইতিহাস লেখার অন্যতম কারিগর বঙ্গকন্যা অঙ্কিতা।
আরও পড়ুন:
মহিলাদের দলগত সাফল্যের পর মিক্সড রিকার্ভেও জাপানকে হারিয়ে ফাইনালে উঠে যায় ভারত। ধীরজ বোম্মাদেভারার সঙ্গে জুটি বেঁধে কুমকুম দুরন্ত লড়াই করেন। কিন্তু ফাইনালে চিনের কাছে হারল ভারতীয় দল। ৪-০ পিছিয়ে পড়ার পর কামব্যাকের চেষ্টা করলেও রুপোতেই সন্তুষ্ট থাকতে হবে দুই তিরন্দাজকে। অন্যদিকে, সেলিংয়ে ব্রোঞ্জ এল ভারতের ঘরে। বৃহস্পতিবার এই ইভেন্টে ভারত চতুর্থ হয়েছিল। কিন্তু প্রতিযোগিতা শেষে চিনকে ডিসকোয়ালিফাই হয়ে যায়। ফলে মহিলা স্কিফ ইভেন্টে ব্রোঞ্জ পদক এল ভারতের ঝুলিতে। হর্ষিতা তোমার এবং শীতল ভার্মা পেলেন পদক।
দিনদুয়েক আগেই তিরন্দাজদের হাত ধরে সোনার ঝড় তুলেছিল ভারত। প্রথমে কমপাউন্ড আর্চারিতে চিনকে ২৩৮-২৩৪ ব্যবধানে হারিয়ে সোনা ছিনিয়ে নেন জ্যোতি সুরেখা ভেন্নাম, চিকিতা তানিপার্থী, পৃথিকা প্রদীপদের মহিলা দল। তারপরই মিক্সড কমপাউন্ড ইভেন্টে দক্ষিণ কোরিয়ার জুটিকে শুটআউটে হারিয়ে সোনা জেতেন সাহিল যাদব ও চিকিতা। বেলা বাড়তে পুরুষদের কম্পাউন্ডে চিনকে হারিয়ে সোনা জেতেন কুশল দালাল, সাহিল যাদব ও গণেশ থিরুমুরু। একদিনে তিনটি সোনা জেতেন ভারতের তিরন্দাজরা।