এশিয়াডে তিন সোনাজয়ী অ্যাথলিটের রহস্যমৃত্যু, দিল্লিতে নিজের ফ্ল্যাটে উদ্ধার নিথর দেহ!
Arpan Das
রহস্যমৃত্যু প্যারা এশিয়াডে তিনবার সোনা জয়ের মালিক নীরজ যাদব (Neeraj Yadav Death)। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে দিল্লিতে ফ্ল্যাটে ৪২ বছর বয়সি জ্যাভলিন থ্রোয়ারের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে দিল্লি পুলিশ। ডোপ টেস্টে ব্যর্থ হওয়ায় অনেকদিন ধরে ট্র্যাকের বাইরে। এবার এশিয়ান গেমসে সুযোগ পাননি। তাঁর কোচ এস সত্যনারায়ণের ধারণা, সম্ভবত সেই কারণেই চরম পথ বেঁচে নিয়েছেন নীরজ।
১৯৮৪ সালে উত্তরপ্রদেশে জন্ম। ছোটবেলায় পোলিও আক্রান্ত হওয়ায় কোমরের নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে হাল ছাড়েননি। হুইলচেয়ারেই খেলা চালিয়ে যান। প্রথমে হুইলচেয়ার টেনিস খেলতেন। পরে জ্যাভলিন ও ডিসকাস থ্রো শুরু করেন। ২০১৮ ও ২০২২ সালে জ্যাভলিনে প্যারা এশিয়ান গেমসে সোনা জেতেন। ২০২২-এই ডিসকাসে সোনা জেতেন। কিন্তু পরের বছরই ডোপ টেস্টে ব্যর্থ হন। তিনি পালটা আবেদন করলেও নির্বাসন ওঠেনি। যে কারণে এবার জাপানে এশিয়ান গেমসেও সুযোগ পাননি।
আরও পড়ুন:
এবার প্যারা এশিয়াড শেষ হতেই নীরজের মৃত্যুসংবাদ। প্রাথমিকভাবে অনুমান, বিষ খেয়ে আত্মহত্যা করেছেন তিনি। মঙ্গলবার রাতে দিল্লিতে তাঁর ফ্ল্যাটে দেহ উদ্ধার হয়েছে। প্যারালিম্পিক চ্যাম্পিয়ন সুমিত আন্টিল হাসপাতালে উপস্থিত আছেন। পুলিশ তদন্ত চালাচ্ছে। যতক্ষণ না, ময়নাতদন্তের রিপোর্ট আসছে, ততক্ষণ সিদ্ধান্ত জানাচ্ছে না পুলিশ।
ভারতের প্যারা অ্যাথলিট দলের প্রধান কোচ সত্যনারায়ণ একটি সংবাদমাধ্যমকে জানান, "আমিও শুনেছি, গত রাতে নিজের ফ্ল্যাটে বিষ খেয়ে ও আত্মহত্যা করেছে। বিষয়টা খুবই দুর্ভাগ্যজনক। ও এবারের প্যারা এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে চেয়েছিল। কারণ পদক জিতলে আর্থিক পুরস্কার পাওয়া যায়। চাকরির সুযোগও থাকে। কিন্তু নিষেধাজ্ঞা না ওঠায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি। সম্ভবত সেটাই ওকে প্রভাবিত করেছিল। কিন্তু ও ঠিক কোন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল, সেটা আমরা নিশ্চিত করে বলতে পারব না।"