পদকপ্রাপ্তির ২৭ বছর পর সরকারি চাকরি, বাংলার ঝুমা ধন্যবাদ দিচ্ছেন বর্তমান সরকারকে
Prasenjit Dutta
সালটা ১৯৯৯। ইম্ফলে জাতীয় স্তরে সেপাক টাকরোয় রুপো পেয়েছিলেন বাংলার ঝুমা বসু। তার তিন বছর পর হায়দরাবাদে ফের একটা ব্রোঞ্জ ওঠে তাঁর গলায়। সে সময় রাজ্যে ক্ষমতায় বামফ্রন্ট। এরপর বাংলা দেখেছে তৃণমূল সরকার। সম্প্রতি তাদের বিদায় করে মসনদে এসেছে বিজেপি। অবশেষে ইম্ফলে পাওয়া সাফল্যের স্বীকৃতি পেলেন ঝুমা। সরকারি চাকরির মোড়কে। তাও আবার পদকপ্রাপ্তির ২৭ বছর পর!
সম্প্রতি জাতীয় গেমসে বাংলার হয়ে পদকজয়ী ৭৮ জন ক্রীড়াবিদকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেইমতো বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। সেখানে নাম রয়েছে খড়দহের বাসিন্দা ঝুমার। প্রাথমিকভাবে খবরটা বিশ্বাসই করতে পারেননি তিনি। যে প্রসঙ্গে বলছিলেন, “একেবারেই অপ্রত্যাশিত খবর। যেটা ভাবতে পারিনি, সেটা পেয়ে গেলাম। যখন পুরোদমে খেলতাম, তখন কিছুই হল না। দু’টো জাতীয় গেমসে পদক পেয়েছি। জাতীয় চ্যাম্পিয়নশিপে সাফল্য এনেছি। কিন্তু সরকারের তরফে কোনও সম্মান পাইনি। এরপর আর চাকরি পাওয়া নিয়ে কোনও ভাবনা, কোনও আশা ছিল না। ফলে এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সহজ নয়।”
আরও পড়ুন:
প্রাথমিকভাবে খবরটা বিশ্বাসই করতে পারেননি তিনি। যে প্রসঙ্গে বলছিলেন, “একেবারেই অপ্রত্যাশিত খবর। যেটা ভাবতে পারিনি, সেটা পেয়ে গেলাম।”
নিজের খেলোয়াড়ি-জীবনে ইতি টানলেও সেপাক টাকরো থেকে দূরে যাননি ঝুমা। আন্তর্জাতিক রেফারি হওয়ার পাশাপাশি বাড়ির কাছে একটি কোচিং ক্যাম্প চালান। সেখান থেকে উঠে আসা প্লেয়াররাও জাতীয় স্তরে নিয়মিত সাফল্য পান। এমনকী ঝুমার কোচিংয়ে খেলা এক প্লেয়ারের ইতিমধ্যে সরকারি চাকরি হয়ে গিয়েছে। সেখানে তাঁকে অপেক্ষা করতে হল ২৭ বছর! ঝুমা ধন্যবাদ দিচ্ছেন বর্তমান সরকারকে। “আমরা যখন খেলতাম, সরকারি লোকজনের কাছে সেপাক টাকরো শব্দটাই অচেনা ছিল। ফলে আমরা কিছুই পাইনি। এখন সরকার ক্রীড়াবিদদের চাকরি দিচ্ছে। সেটা ভবিষ্যতে আরও বেশি প্লেয়ার তুলে আনতে সাহায্য করবে।”
ঝুমার মতোই সরকারের ঘোষণা অপ্রত্যাশিত খবর ফুটবলার অমিত চক্রবর্তীর কাছে। ২০২২ জাতীয় গেমসে সোনাজয়ী দলের এই সদস্যের বর্তমানে বয়স ৩৬। এমনিতে অমিত ময়দানে চেনা মুখ। কেরিয়ারের শুরুতে খেলেছেন ইস্টবেঙ্গলের মতো ক্লাবে। কিন্তু তারপর মূলত কাস্টমস, ইউনাইটেড স্পোর্টসের মতো ক্লাবেই দেখা গিয়েছে তাঁকে। ফলে খেলোয়াড়ি জীবনের প্রায় শেষ প্রান্তে পৌঁছে ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তায় ছিলেন তিনি। এমন অবস্থায় সরকারি চাকরির বিজ্ঞপ্তিতে নিজের নাম দেখে আবেগাপ্লুত অমিত।
ঝুমার মতোই সরকারের ঘোষণা অপ্রত্যাশিত খবর ফুটবলার অমিত চক্রবর্তীর কাছে। ২০২২ জাতীয় গেমসে সোনাজয়ী দলের এই সদস্যের বর্তমানে বয়স ৩৬।
তাঁর কথায়, “আমাদের অনেকেই আগে চাকরি পেয়ে গিয়েছে। ফলে আমি একটু চিন্তায় ছিলাম। কারণ আর হয়তো কয়েকটা বছর খেলা চালিয়ে যাব। তারপর কী করব, তা নিয়ে ভাবনা ছিলই। এই অবস্থায় সরকারি চাকরি পাওয়ায় অনেকটা নিশ্চিন্ত আমি। এই সরকারকে ধন্যবাদ।” শুধু জাতীয় গেমসই নয়, বিভিন্ন খেলার জাতীয় চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত বা দলগত ইভেন্টে প্রথম তিনে শেষ করা ক্রীড়াবিদদেরও নাম রয়েছে সরকার প্রকাশিত তালিকায়। স্পোর্টস কোটায় চাকরি দেওয়া প্রসঙ্গে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলছেন, “খেলোয়াড়দের চাকরির দায়িত্ব সরকার নিচ্ছে। তবেই তো তাঁরা খোলা মনে খেলতে পারবেন।”