দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Narendra Mod

এশিয়াড পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ মোদির, অ্যাথলিটদের কাছে রিটার্ন গিফট পেলেন প্রধানমন্ত্রী

পদকজয়ী অ্যাথলিটদের সঙ্গে কথা বলার পাশাপাশি ভবিষ্যতের জন্য উৎসাহও দেন মোদি।
Prasenjit Dutta
07:58 PM Oct 15, 2026 IST
পদকজয়ী অ্যাথলিটদের সঙ্গে কথা বলার পাশাপাশি ভবিষ্যতের জন্য উৎসাহও দেন মোদি।
  • অলিম্পিক বা এশিয়ান গেমস থেকে পদক জিতে দেশে ফিরলে অ্যাথলিটদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই রীতি বজায় থাকল। এশিয়াডে পদকজয়ী ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে বৃহস্পতিবার রাজধানীর মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুরুষ ও মহিলা ক্রিকেট দল থেকে শুরু করে হকি, তিরন্দাজি-সহ বিভিন্ন ক্রীড়াক্ষেত্রের সফল খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন তিনি। অ্যাথলিটদের আগামী দিনের জন্য উজ্জীবিত করলেন প্রধানমন্ত্রী।

  • এবারের এশিয়ান গেমসে ভারতের অ্যাথলিটরা জিতেছেন ২১টি সোনার পদক। এছাড়াও ২৭টি রুপো এবং ৩৭টি ব্রোঞ্জ পেয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। মোট ৮৫টি পদক। পদক তালিকায় চতুর্থ স্থানে শেষ করেছে দেশ। পরপর দু’বার প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে ভারত। ২০২৩ সালের হাংঝৌ এশিয়াডে জেতা ১০৬টি পদকের রেকর্ড এবার ছোঁয়া সম্ভব হয়নি। তবু পদকজয়ী অ্যাথলিটদের সঙ্গে কথা বলার পাশাপাশি ভবিষ্যতের জন্য উৎসাহও দেন মোদি।

  • উপস্থিত ছিলেন বিভিন্ন দলের সদস্য, কোচ, সহায়ক কর্মী, ভারতীয় অলিম্পিক সংস্থার প্রতিনিধি, জাতীয় ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তা এবং ক্রীড়া মন্ত্রকের আধিকারিকেরা। প্রধানমন্ত্রী পদকজয়ীদের সঙ্গে কথা বলেন। তাঁদের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের প্রশংসা করেন। দেশের সম্মান বাড়ানোর জন্য অভিনন্দনও জানান। তিনি জাতীয় পতাকার মর্যাদা এবং আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে বাড়তে থাকা ভারতের আত্মবিশ্বাসের কথাও তুলে ধরেন।

  • এবারের প্রতিযোগিতায় একাধিক ঐতিহাসিক সাফল্য পেয়েছে ভারত। রিকার্ভ তিরন্দাজিতে দুরন্ত পারফরম্যান্সের পাশাপাশি একই এশিয়াডে পুরুষ হকি দল তো বটেই, ৪৪ বছর পর এশিয়াডে সোনার পদক জিতেছে মহিলা হকি দলও। প্রধানমন্ত্রী বলেন, “পুরুষ ও মহিলা, দুই হকি দলই রয়েছে। দু’দলই সোনার পদক জিতেছে। বিশেষ করে মহিলা দল, যারা ৪৪ বছর পর সোনা জিতেছে। গোটা দেশের কাছে এটা একটা বড় মুহূর্ত।”

  • প্রধানমন্ত্রী মোদি মহিলা অ্যাথলিটদের সাফল্যের কথাও বিশেষভাবে তুলে ধরেন। তিনি জানান, ভারতের মোট ৮৫টি পদকের মধ্যে ৩৮টি পদক জিতেছেন মহিলা খেলোয়াড়রা। এর মধ্যে রয়েছে ১১টি সোনা। দেশের ক্রীড়াক্ষেত্রে মহিলাদের এই সাফল্যকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। পাশাপাশি, মহিলা খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে এই সাফল্যকে দেশের জন্য গর্বের মুহূর্ত বলে অভিহিত করেন।

  • অনুষ্ঠানে ক্রিকেটারদের উপস্থিতি ছিল বিশেষ আকর্ষণ। ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক হরমনপ্রীত কৌর প্রধানমন্ত্রীকে দলের জার্সি উপহার দেন। অন্যদিকে, এশিয়াডে সোনাজয়ী পুরুষ ক্রিকেট দলও অনুষ্ঠানে যোগ দেয়। পাকিস্তানকে হারিয়ে সোনা জয়ের অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ১৫ বছরের বৈভব সূর্যবংশীর। প্রধানমন্ত্রীর সঙ্গে এই তরুণ ক্রিকেটারের সাক্ষাৎ নিয়ে সকলের আগ্রহ তুঙ্গে ছিল।

  • শুধু ক্রিকেট বা হকিতে নয়, অন্য খেলাতেও ভারত ভালো ফল করেছে। মহিলাদের ট্র্যাপ শুটিংয়ে প্রথম সোনা, সফট টেনিস ও মিক্সড মার্শাল আর্টসে প্রথম পদক জয় দেশের বড় সাফল্য। এশিয়াডে ২৮ বছর পর ভারোত্তোলনে রুপো জিতেছে ভারত। এছাড়া, গ্রেকো-রোমান কুস্তিতে ৬৪ বছর পর কোনও ভারতীয় ফাইনালে উঠে নতুন ইতিহাস গড়েছেন নীতেশ সিওয়াচ।

  • খেলোয়াড়দের তরফেও প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় নানা স্মারক। ভারতীয় হকি দলের পক্ষ থেকে বিশেষ উপহার দেওয়া হয়। ১৭ বছর বয়সি তিরন্দাজ কুমকুম মহোড প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন একটি ধনুক। ক্রিকেটার শ্রেয়স আইয়ারের তরফেও ছিল বিশেষ উপহার। খেলোয়াড়দের সঙ্গে ছবি তোলেন মোদি। উপস্থিত ছিলেন ক্রীড়া প্রশাসনের শীর্ষ কর্তারা, তাঁদের মধ্যে ছিলেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহও।

  • প্রধানমন্ত্রী বলেন, “আপনারা ১৪০ কোটি ভারতীয়কে গর্বিত করেছেন। সবচেয়ে বড় সাফল্য, তেরঙ্গাকে উঁচুতে তুলে ধরা। তাই আপনাদের সাফল্য দেশের কোটি কোটি মানুষের সাফল্য। গোটা দেশের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন।” উল্লেখ্য, গতবার এশিয়াডে টেনিস, ব্যাডমিন্টন, স্কোয়াশের মতো ইভেন্টে সোনা জিতেছিল ভারত। সোনা এসেছিল ঘোড়সওয়ারির মতো ইভেন্টেও। কিন্তু এবার সবচেয়ে হতাশ করেছে টেনিস-ব্যাডমিন্টন। নাহলে পদক সংখ্যা আরও বাড়ত ভারতের। 

  • এশিয়ান গেমসে মহিলাদের ব্যক্তিগত গলফে ভারতের প্রথম সোনা জিতে ইতিহাস গড়েন প্রণবী উর্স। তিনি প্রধানমন্ত্রীকে নিজের গলফ গ্লাভস ও বল উপহার দেন। তিরন্দাজ কুমকুম মহোড় সাজানো কাঠের ধনুক এবং সফট টেনিসে ব্রোঞ্জজয়ী জয় মীনা নিজের র‌্যাকেট উপহার দেন। এশিয়ান গেমসে তিরন্দাজিতে কুমকুম দু’টি সোনা ও একটি রুপো জিতেছিলেন।

  • মহিলা হকি দল দেয় সই করা কমলা জার্সি ও হকি স্টিক। মহিলা ক্রিকেট দল এশিয়ান গেমসে নিজেদের শিরোপা ধরে রাখে। অন্যদিকে, মহিলা হকি দল ১৯৮২ সালের পর প্রথমবার এশিয়ান গেমসে সোনা জিতে নতুন ইতিহাস তৈরি করে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Asian GamesNarendra Modi
Advertisement
Tags :
Asian GamesNarendra Modi

নিয়মিত খবরে থাকতে ফলো করুন