দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Dussehra Greetings

‘শেষে সত্যের জয়’, দশেরায় বার্তা শচীনের, ধর্মের কথা গম্ভীরের মুখে, কী বললেন সিন্ধু-জয় শাহরা?

বিশেষ এই দিনে ‘অশুভের বিরুদ্ধে শুভ’র জয়ের বার্তা দিলেন ক্রীড়াবিদরা।
Prasenjit Dutta
02:16 PM Oct 21, 2026 IST
বিশেষ এই দিনে ‘অশুভের বিরুদ্ধে শুভ’র জয়ের বার্তা দিলেন ক্রীড়াবিদরা।
  • রাজনীতিবিদ থেকে বিনোদন জগতের তারকা, প্রত্যেকেই সোশাল মিডিয়ায় দশেরার শুভেচ্ছা জানাচ্ছেন। ক্রীড়াজগতের তারকারাই বা বাদ যাবেন কেন? দশেরার শুভক্ষণে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন শচীন তেণ্ডুলকর, পিভি সিন্ধু, গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদব, ভিভিএস লক্ষ্মণ, হরভজন সিং এবং জয় শাহরা।

  • এক্সে লিটল মাস্টার শচীন লিখেছেন, ‘দশেরা আমাদের শেখায়, পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, শেষ পর্যন্ত সত্য আর ভালোরই জয় হয়। এই দিনটি আমাদের নিজেদের ভেতরের খারাপ চিন্তার বিরুদ্ধে লড়াই করার সাহস দেয়। আপনাকে ও আপনার পরিবারকে দশেরার অনেক অনেক শুভেচ্ছা।’

  • দশেরার শুভেচ্ছা জানিয়েছেন দু’বারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধুও। তবে উৎসবের দিনে বাড়ি ও পরিবারের জন্য মন কেমন করার কথাও জানিয়েছেন তিনি। এক্স হ্যান্ডলে সিন্ধু লিখেছেন, ‘সকলকে জানাই অনেক অনেক দশেরার শুভেচ্ছা! এই উৎসব মনে করিয়ে দেয়, শেষ পর্যন্ত অশুভের বিরুদ্ধে শুভশক্তিরই জয় হয়।’

  • এর পরেই বাড়ির জন্য মন খারাপের কথা জানিয়ে সিন্ধু লেখেন, ‘আজ বাড়ির জন্য একটু বেশিই মন কেমন করছে। পরিবারের সঙ্গে থাকা, এমন একটা দিনে একসঙ্গে হাসি-আনন্দে মেতে ওঠার অনুভূতিগুলির কোনও তুলনা হয় না।’ উৎসবের দিনে পরিবারের অভাব অনুভব করার কথা জানিয়ে তিনি প্রার্থনা করেন, যেন এই দিনটি সকলের জীবনে ‘সুখ, শান্তি, ভালোবাসা ও নতুন শুরুর বার্তা’ নিয়ে আসে।

  • টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীর লেখেন, ‘সত্যের জন্য সাহস প্রয়োজন। ধর্মের দাবি, কাজের মাধ্যমে তার প্রমাণ দেওয়া। অশুভকে কখনও বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া উচিত নয়।’ সঙ্গে জুড়ে দেন #HappyDussehra হ্যাশট্যাগ। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবও ইনস্টাগ্রাম স্টোরিতে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর বার্তা, ‘দশেরা আমাদের জীবনে অশুভের বিরুদ্ধে শুভর জয় নিয়ে আসুক। ভরে উঠুক শান্তি ও আনন্দে।’

  • প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণের শুভেচ্ছাবার্তায় উঠে এসেছে সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও নতুন আশার কথা। এক্সে তিনি লিখেছেন, ‘সকলকে জানাই দশেরার আন্তরিক শুভেচ্ছা। মা দুর্গা আপনাদের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দিন। এই শুভ দিন জীবনে নতুন সূচনা, নতুন আশা এবং প্রতিটি কাজে সাফল্য নিয়ে আসুক।’

  • শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন স্পিনার হরভজন সিং। ভাজ্জি লেখেন, ‘বিজয়া দশমীর এই পবিত্র উপলক্ষে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলকে শুভেচ্ছা। অশুভের বিরুদ্ধে শুভ, মিথ্যার বিরুদ্ধে সত্য এবং অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয়ের প্রতীক এই উৎসব আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও আনন্দ নিয়ে আসুক।’ আইসিসি প্রাক্তন চেয়ারম্যান জয় শাহ লিখেছেন, ‘অশুভের বিরুদ্ধে শুভর জয় সত্য, ন্যায় ও সাহসের পথে চলতে অনুপ্রাণিত করুক।’

  • দশেরা হিন্দুদের অন্যতম প্রধান উৎসব। শারদ নবরাত্রি ও দুর্গাপূজার পর আশ্বিনের শুক্লপক্ষের দশমী তিথিতে এই উৎসব পালিত হয়। বিশেষ এই দিনে মন্দের বিরুদ্ধে ভালোর জয় উদযাপিত হয়। এই দিনেই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন। পুরাণ ও লোকবিশ্বাস অনুযায়ী, শ্রীরামচন্দ্র শুক্লপক্ষের দশমীতেই রাবণ-বধ করেন। দুই ঘটনার স্মরণেই দশেরা উৎসব পালন হয়। এমন একটা দিনে ‘অশুভের বিরুদ্ধে শুভ’র জয়ের বার্তা দিলেন ক্রীড়াবিদরা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
DussehraGautam GambhirJay ShahPV SindhuSachin Tendulkar
Advertisement
Tags :
DussehraGautam GambhirJay ShahPV SindhuSachin Tendulkar

নিয়মিত খবরে থাকতে ফলো করুন