এভারেস্টর পথে মাঝআকাশে মুখোমুখি সংঘর্ষ, ভেঙে চুরমার হেলিকপ্টার, মৃত অন্তত ১
Anwesha Adhikary
মাঝআকাশে মুখোমুখি সংঘর্ষ দুই হেলিকপ্টারের (Helicopters Collide)। মুহূর্তের মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কপ্টার। ফের ভয়ংকর দুর্ঘটনার সাক্ষী থাকল নেপাল (Nepal)। মর্মান্তিক এই ঘটনায় ইতিমধ্যেই একজনের মৃত্যুর খবর মিলেছে। দুর্ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। প্রাথমিকভাবে খবর, এভারেস্ট যাওয়ার পথে ঘটেছে মর্মান্তিক ঘটনাটি। দু'টি হেলিকপ্টার পাশাপাশি অবতরণ করছিল। সেসময়েই সংঘর্ষ।
পার্বত্য নেপালজুড়ে নানা এলাকায় ঘোরার জন্য ব্যবহৃত হয় ছোট হেলিকপ্টার। মূলত দুর্গম পথে পর্যটকদের নিয়ে আকাশে ওড়ে এই ধরনের হেলিকপ্টারগুলি। জানা গিয়েছে মঙ্গলবারের দুর্ঘটনাটি ঘটেছে নেপালের সোলুখুম্বুতে। রাজধানী কাঠমাণ্ডু থেকে ২৫০ কিমি দূরে অবস্থিত এই এলাকাটি। বরফে ঢাকা এলাকায় বেশ কয়েকটি হেলিকপ্টার উড়ছিল। অবতরণের সময়ে ঘটে বিপত্তি।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, পাশাপাশি দু'টি জায়গায় ল্যান্ড করার চেষ্টা করছিল কপ্টারদু'টি। সেসময়েই নিয়ন্ত্রণ হারায় একটি কপ্টার। সটান ধাক্কা মারে অপর কপ্টারে। সংঘর্ষের তীব্রতায় ভেঙে যায় কপ্টারের একটি ডানা। তারপরই মুখ থুবড়ে পড়ে কপ্টার দু'টি। স্থানীয় পুলিশের ইনচার্জ নবীন রাজা বুধাথোকি জানিয়েছেন, একজনের মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। তিনি বিদেশি নাগরিক। গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, দিনতিনেক আগে একইরকম মর্মান্তিক ঘটনা ঘটেছিল জোশীমঠেও। বদ্রীনাথ থেকে দেহরাদুন ফেরার পথে আচমকা নিখোঁজ হয়ে যায় একটি কপ্টার। খানিকক্ষণ পরে জানা যায়, চামোলির কাছে ভেঙে পড়েছে ওই যাত্রীবাহী কপ্টার। পাঁচজন যাত্রী ছিলেন সেখানে। চালক-সহ ৬ জনের মৃত্যু হয় এই মর্মান্তিক ঘটনায়।