রূপের দরকার নেই! সৌন্দর্য প্রতিযোগিতা বন্ধের নির্দেশ আফ্রিকার স্বৈরশাসকের, তুঙ্গে বিতর্ক
শাসকের গদিতে বসেই এই সামরিক নেতা হুঙ্কার দিয়েছিলেন, গণতন্ত্র কী সেসব ভুলে যেতে হবে।
Anwesha Adhikary
01:46 PM Oct 16, 2026 IST
-
-
চারবছর আগে আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় শুরু হয় সামরিক অভ্যুত্থান। সেসময়ে সেনাকে নেতৃত্ব দিয়েছিলেন ইব্রাহিম ত্রাওরে। অবশেষে বেশ কয়েকটি রাজনৈতিক দলের সহায়তায় তিনি বসে পড়েন প্রেসিডেন্টের কুর্সিতে। জানুয়ারি থেকে বুরকিনা ফাসোয় শুরু হয় ইব্রাহিম জমানা। মাত্র ১০ মাসের মধ্যেই দেশে রীতিমতো স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে ফেলেছেন তিনি। একাধিক উদারপন্থী বিষয়কে তিনি বাতিল করেছেন। স্রেফ বলেছেন, এগুলি মোটেই দেশের জন্য ভালো নয়।
-
জাতীয় মিডিয়ায় ইব্রাহিম ঘোষণা করেছেন, বুরকিনা ফাসোর নাগরিকদের এবার গণতন্ত্র ভুলে যাওয়া উচিত। তাঁর মতে, গণতন্ত্র ব্যাপারটা পশ্চিমি ধ্যানধারণায় অনুপ্রাণিত। সেটা বুরকিনা ফাসোর উপযুক্ত নয়। এমনকি ইব্রাহিম এটাও বলেছেন যে গণতন্ত্রের ফলে দেশের কোনও উন্নতি হয়নি। এইসব যুক্তি দেখিয়ে ২০২৯ পর্যন্ত দেশে সবরকম নির্বাচন বন্ধ করে দিয়েছেন তিনি। সমস্ত রাজনৈতিক দলকেও অবৈধ বলে ঘোষণা করেছেন এই স্বৈরশাসক।
-
ফতোয়ার এখানেই শেষ নয়। ইব্রাহিমের 'রাজত্বে' বাতিল হয়েছে সাংবাদিকতা, সামাজিক সংগঠন, সেবামূলক কার্যকলাপ সবই। শুধু তাই নয়, আইন করে তিনি জেলে ভরেছেন দেশের সুন্নি মুসলিম ধর্মগুরুদের। এবার জানিয়ে দিলেন, মহিলাদের রূপচর্চার দরকার নেই। সেকারণেই এবার থেকে দেশে সৌন্দর্য প্রতিযোগিতা বন্ধ। তার বদলে মেয়েরা মন দিক পড়াশোনায়। সৌন্দর্য প্রতিযোগিতার বদলে ইব্রাহিমের প্রশাসন শুরু করেছে জাতীয় বিজ্ঞান প্রতিযোগিতা।
-
বুরকিনা ফাসোর প্রতিযোগীরা কখনও মিস ইউনিভার্সের মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেননি। কিন্তু আফ্রিকা মহাদেশের নানা সৌন্দর্য প্রতিযোগিতায় তাঁরা বুরকিনা ফাসোর প্রতিনিধিত্ব করেছেন। তবে কখনও জিততে পারেননি। আগামী দিনেও জেতার সম্ভাবনা নেই কারণ দেশের সৌন্দর্য প্রতিযোগিতা একেবারে বন্ধ করে দিয়েছেন দেশের প্রেসিডেন্ট। সেই নিয়ে নেটদুনিয়ায় চলছে জোর বিতর্ক।
-
নেটিজেনদের একাংশ মনে করছে, এই সিদ্ধান্ত অত্যন্ত প্রশংসনীয়। এমন প্রতিযোগিতা থাকলে শিক্ষায় মেয়েদের উৎসাহ বাড়বে, ফলে নারীশিক্ষার প্রসার ঘটবে। কেরিয়ার গড়ার দিকেও মেয়েরা অনেকখানি এগিয়ে যাবে। এঁদেরই একাংশ মনে করছেন, এসব সৌন্দর্য প্রতিযোগিতাগুলি আসলে মহিলাদের উপকারের বদলে ক্ষতিই করে দিয়েছে। তাই এসব বন্ধ হওয়া দরকার। মহিলাদের উচিত পড়াশোনায় মন দেওয়া।
-
কিন্তু পালটা প্রশ্ন উঠছে, এইভাবে কি মহিলাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা যায়? বিজ্ঞান শিক্ষায় উৎসাহ দেওয়ার অর্থ সৌন্দর্য প্রতিযোগিতা বন্ধ করে দেওয়া, এমনটা মেনে নেওয়া যায় না বলেই মত নেটিজেনদের একাংশের। তাঁরা বলছেন, মহিলাদের পছন্দ হলে বিজ্ঞান এবং সৌন্দর্য দুটো নিয়েই চর্চার অধিকার থাকা উচিত। একটার জন্য আরেকটা বন্ধ হওয়া ঠিক নয়। মহিলাদের সৌন্দর্যেরও প্রশংসা প্রাপ্য়।
Advertisement
Advertisement