‘১০ মিনিটেই ধ্বংস…’, শান্তির বার্তা দিয়েও ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের! প্রকাশ্যে ‘টার্গেট লিস্ট’
Subhodeep Mullick
দীর্ঘ সংঘাতের পর অবশেষে কি থামতে চলেছে ইরান যুদ্ধ? শান্তি আলোচনার জন্য তেহরানকে পাঠানো আমেরিকার নয়া চিঠিতে তেমনই ইঙ্গিত পাওয়া গিয়েছিল। কিন্তু তাতে জল ঢেলে তেহরানকে ফের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্টল ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বললেন, "১০ মিনিটেই ইরানকে ধ্বংস করে দিতে পারি।" একইসঙ্গে তিনি প্রকাশ্যে এনেছেন আমেরিকার নয়া 'টার্গেট লিস্ট'ও। সেখানে প্রথমেই রয়েছে ইরানি সুপ্রিম লিডার মোজতবা খামেনেইয়ের নাম।
শনিবার ফ্লোরিডায় নিজের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, "আমরা ওদের (ইরান) পারমাণবিক ক্ষমতাকে প্রায় ধ্বংস করে দিয়েছি। তবে এখনও এক বা দু'টি পরিকাঠামো রয়েছে। সেগুলি আমরা ১০ মিনিটের মধ্যেই ধ্বংস করে দিতে পারি।" ইরানের অন্যতম পারমাণবিক ঘাঁটি 'পিকঅ্যাক্স মাউন্টেন'-এ যে আমেরিকা এবার হামলা চালাতে পারে, সেই ইঙ্গিতও দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু কবে এই হামলা হবে, তা স্পষ্ট করেননি ট্রাম্প। বিগত কয়েকদিন ধরেই ট্রাম্পের মুখে যুদ্ধ বন্ধের কথা শোনা যাচ্ছিল। আগামী ৩ নভেম্বর আমেরিকায় রয়েছে মধ্যবর্তী নির্বাচন (মিড টার্ম ইলেকশন)। তাই আপাতত তিনি হামলা চালাবেন না বলে জানিয়েছিলেন। এই পরিস্থিতিতে তেহরানকে ফের 'রক্তচক্ষু' দেখালেন মার্কিন প্রেসিডেন্ট।
আরও পড়ুন:
সম্প্রতি শান্তি আলোচনার জন্য ইরানকে চিঠি দিয়েছিল আমেরিকা। ট্রাম্পের নির্দেশে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাইকে চিঠিটি দিয়েছেন ট্রাম্পের ডেপুটি জেডি ভ্যান্স। শনিবার মধ্যস্থতাকারী কাতারের মাধ্যমে ভ্যান্সের চিঠিটি রেজাইয়ের কাছে পৌঁছয়। মার্কিন সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক টাইমসে’র প্রতিবেদন অনুযায়ী, চিঠিতে তেহরানকে সরাসরি বৈঠকে বসার প্রস্তাব দেওয়া হয়েছে। আলোচনার প্রধান বিষয় হবে ইরানের পারমাণবিক কর্মসূচি। সূত্রের খবর, চিঠিতে সুনির্দিষ্ট কোনও শান্তি শর্তের পরিবর্তে আলোচনার একটি ‘কাঠামো’ তুলে ধরা হয়েছে।