জোড়া ভূমিকম্পে তছনছ পানামা! ভাঙল বহু বাড়ি, জারি সুনামি সতর্কতা
Subhodeep Mullick
জোড়া ভূমিকম্পে তছনছ মধ্য আমেরিকার পানামা। ভাঙল বহু বাড়িঘর। ব্যাহত বিদ্যুৎ পরিষেবা। ভূমিকম্পের পরই জারি করা হয়েছে সুনামি সতর্কতা।
মার্কিন জিওলজিক্যাল সার্ভের তথ্য আনুযায়ী, শুক্রবার রাতে ৭.৭ মাত্রার তীব্র ভূমিকম্পে কঁপে ওঠে পানামা। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পিতালোজা আরিবা শহর থেকে ১০ কিলোমিটার দূরে। মাটি থেকে ১২ কিলোমিটার গভীরে। ঠিক তার পরই আরও একটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬। পানামার পাশাপাশি ইকুয়েডর, পেরু, নিকারাগুয়া, গুয়াতেমালা-সহ বেশ কয়েকটি দেশেই সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন:
ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর মেলেনি। তবে ভয়ংকর ভূমিকম্পে একাধিক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। প্রাকৃতিক বিপর্যয়ের পরই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেছে সে দেশের পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। জোড়া ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতাও জারি করা হয়। ফাঁকা করা হচ্ছে উপকূলবর্তী অঞ্চলগুলি। পানামার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সমুদ্রে ৩ থেকে ৪ মিটার উঁচু ঢেউ দেখা যেতে পারে। ভূমিকম্পের পরই উত্তাল হতে শুরু করে সাগর। সূত্রের খবর, জোড়া ভূমিকম্পের পর পানামায় একাধিক আফটার শকও অনুভূত হয়েছে।