‘পুলিশকে সবাই ঘেন্না করে...' ফ্রান্সে শিক্ষার্থীদের উপরে বলপ্রয়োগ নিয়ে বিতর্ক তুঙ্গে
Biswadip Dey
ডাস্টবিনে দাউদাউ জ্বলছে আগুন। শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে ‘‘পুলিশকে সবাই ঘেন্না করে।'' এমন ছবিই এখন ফ্রান্সের অলিগলিতে। এমনকী প্রেমের শহর প্যারিসও আজ ‘প্রেমহীন’।
শহরের রাজপথে শুধুই বিক্ষোভ আর উত্তেজনা। জনমানসে নিত্য বাড়ছে ক্ষোভের আঁচ।
এই পরিস্থিতিতে ফ্রান্সের লিল শহরের এক কিশোর সংবাদমাধ্যমের কাছে জানিয়েছে, কেন এই আন্দোলন শুরু হল এবং কেন এতে সর্বাত্মক ভূমিকা নিচ্ছে আন্দোলনকারীরা। তার কথায়, ''এখানে বসার মতো পর্যাপ্ত চেয়ারও নেই। প্রতিটি ক্লাসের শুরুতে আমাদের চেয়ার খুঁজে নিতে হয়। দুপুরের খাবারের বিরতিতে আমরা ৫০ মিনিট সময় পাই, অথচ ক্যান্টিন থেকে খাবার সংগ্রহ করতে হয় আমাদের ২ হাজার শিক্ষার্থীকে।''
আরও পড়ুন:
সেপ্টেম্বরের শেষের দিকে প্যারিসের উপকণ্ঠে একটি হাই স্কুলে শিক্ষক-সংকটের জেরে এই বিক্ষোভের সূচনা হয়। পরবর্তীতে তা দেশের অধিকাংশ স্থানে ছড়িয়ে পড়ে। বর্তমানে বিক্ষোভের আগুনে জ্বলছে ফ্রান্সের অন্তত ৪০টি শহর। ২ সপ্তাহ ধরে চলা এই আন্দোলনের জেরে রাজপথে নেমে এসেছে প্রায় ৩ লক্ষ পড়ুয়া। ফ্রান্স সরকারের তরফে জানানো হয়েছে, বিক্ষোভের জেরে কমপক্ষে দেশের ৯০০টি স্কুল বন্ধ করা হয়েছে। তবে ধীরে ধীরে এবং আংশিকভাবে পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ে আশ্বাস দিয়েছেন তিনি। কিন্তু এরপরও পরিস্থিতি বদলায়নি।
এদিকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ, শিক্ষার্থীদের উপরে বলপ্রয়োগের। অন্তত ২৮টি ঘটনার কথা জানা যাচ্ছে। যার মধ্যে কয়েকটি ক্ষেত্রে স্থায়ী ক্ষতির আশঙ্কাও করা হচ্ছে। রবার বুলেট, স্টান গ্রেনেড, কাঁদানে গ্যাস, লাঠি এবং ঘোড়ায় চড়ে পুলিশের ধাওয়া করার মতো ঘটনা বহুক্ষেত্রেই দেখা গিয়েছে। রবার বুলেটে চোখ হারানোর মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-সহ মানবাধিকার সংগঠনগুলির দাবি, এই ধরনের অস্ত্রপ্রয়োগে স্থায়ীভাবে রাশ টানা হোক। এযাবৎ পুলিশ প্রায় হাজার সাতেক আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে, যাদের অধিকাংশই অপ্রাপ্তবয়স্ক। যার ফলশ্রুতি, পুলিশের বিরুদ্ধে বাড়ছে উত্তরোত্তর ক্ষোভ।