দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Halloween Protest

উত্তাল ফ্রান্সে এবার হ্যালোউইন বিদ্রোহ! বড়সড় বিক্ষোভের আঁচে উদ্বিগ্ন প্রশাসন

মোতায়েন করা হয়েছে ৭০ হাজার পুলিশ।
Biswadip Dey
07:31 PM Oct 30, 2026 IST
মোতায়েন করা হয়েছে ৭০ হাজার পুলিশ।
  • শিক্ষা ক্ষেত্রে ভঙ্গুর পরিকাঠামো, বাড়ন্ত মূল্যবৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে বিক্ষোভে উত্তাল ফ্রান্স। প্রাথমিকভাবে শান্তিপূর্ণ আন্দোলন শুরু হলেও এখন তা হিংসাত্মক রূপ ধারণ করেছে। এই পরিস্থিতিতে হ্যালোউইনকে সামনে রেখে নতুন করে আন্দোলনের তীব্রতা নাকি বাড়াতে চাইছে আন্দোলনকারীরা! ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রী লরেন্ট নুনেজ ঘোষণা করেছেন, এর মোকাবিলা করতে ৭০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • প্রতি বছর ৩১ অক্টোবর রাতে উদযাপিত হয় হ্যালোউইন। যা এসেছে ‘অল হ্যালোজ ইভ’ থেকে। এদিন সমস্ত আত্মাদের স্মরণ করা হয়। অতিলৌকিক নানা থিমের উপর ভিত্তি করে সাজানো হয় ঘরবাড়িও। কিন্তু এহেন উৎসবকে বিদ্রোহের এক কেন্দ্রে পরিণত করতে চাইছেন ফ্রান্সের বিক্ষোভকারীরা। খবর এমনই। নুনেজ বলছেন, ''৩১ অক্টোবর জনশৃঙ্খলা ধ্বংস করতে বড়সড় বিক্ষোভের পরিকল্পনা করেছে ওরা। ৭০ হাজার পুলিশ মোতায়েন করা হচ্ছে।''

  • কিন্তু কেন হ্যালোউইনকেই বেছে নেওয়া হচ্ছে? আসলে প্রতিবাদীরা মুখোশের আড়ালে মুখ লুকনোর সুযোগকে হাতছাড়া করতে চাইছে না। যে কোনও ধরনের খারাপ কাজ মুখোশের আড়ালে করে ফেলতে পারে তাকে চিহ্নিতও করা যাবে না। এই পরিস্থিতিতে নুনেজের হুঁশিয়ারি, তিনি বিক্ষোভের অনুমতি দিচ্ছেন, তবে শহরের কেন্দ্রে নয়। কেননা সেখানেই জনশৃঙ্খলা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে।

  • ইতিমধ্যেই ফ্রান্সের প্রায় ১৫টি শহরে আয়োজিত সমাবেশে বামপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতে দেখা গিয়েছে উগ্র-ডানপন্থী গোষ্ঠীগুলোকে। সেকথা মনে করিয়ে নুনেজ বলছেন, “আমরা কোনো ধরনের বাড়াবাড়ি সহ্য করব না।” এবং এ বিষয়ে অত্যন্ত কঠোর পদক্ষেপ করার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। জানাচ্ছেন, হ্যালোউইনের সন্ধ্যায় যে সব বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে, সব সমাবেশ নিষিদ্ধ করা হবে।

  • সেপ্টেম্বরের শেষের দিকে প্যারিসের উপকণ্ঠে একটি হাই স্কুলে শিক্ষক-সংকটের জেরে এই বিক্ষোভের সূচনা হয়। পরবর্তীতে তা দেশের অধিকাংশ স্থানে ছড়িয়ে পড়ে। শিক্ষা সংকটের পাশাপাশি মাত্রাছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদেও পথে নামে জনতা। রাজপথে নেমে আসে ৩ লক্ষেরও বেশি পড়ুয়া। বিক্ষোভকারীদের হটাতে কাঁদানে গ্যাসের সেল ফাটাচ্ছে পুলিশ। ছোড়া হচ্ছে জলকামানও।

  • লাগাতার বিক্ষোভের জেরে সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ পদত্যাগের প্রস্তাব দেন। তবে তা গ্রহণ করেননি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সূত্রের খবর, এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ২ হাজার ৫০০-রও বেশি বিক্ষোভকারীকে। বিক্ষোভ দমাতে গিয়ে আহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর প্রায় ১ হাজার সদস্য।

  • এই পরিস্থিতিতে হ্যালোউইন ঘিরে নতুন করে চড়ছে আতঙ্কের পারদ। সারা বিশ্ব এই উৎসবকে উদযাপন করতে প্রস্তুত। কিন্তু ফ্রান্সে একেবারেই ভিন্ন ছবি। বিক্ষোভকারীদের মোকাবিলা করতে প্রস্তুত প্রশাসন। মুদ্রাস্ফীতি, জ্বালানির দামবৃদ্ধি, শিক্ষা ক্ষেত্রে সংস্কারের দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে পুড়তে থাকা ফ্রান্সে কি সত্যিই নতুন করে দাউদাউ জ্বলে উঠবে বিক্ষোভের আগুন! চোখ থাকবে বিশ্বের।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
FranceHalloween
Advertisement
Tags :
FranceHalloween

নিয়মিত খবরে থাকতে ফলো করুন