হাউথির প্রচণ্ড মারে ধ্বংস পাকিস্তানের যুদ্ধবিমান! চড় খেয়ে সত্যি লুকোচ্ছে ইসলামাবাদ?
Subhodeep Mullick
সৌদি আরবের মাটিতে হাউথিদের মারে ধ্বংস পাক যুদ্ধবিমান জেএফ ১৭। এমনই দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। তবে এই দাবি খারিজ করে দিয়েছে ইসলামাবাদ। কিন্তু ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, আসলে ‘চড়’ খেয়ে সত্যি লুকোচ্ছে শাহবাজ শরিফের দেশ।
বর্তমানে সৌদির সঙ্গে ভয়ংকর ‘যুদ্ধে’ লিপ্ত ইয়েমেনের ইরান সমর্থিত বিক্ষুব্ধ গোষ্ঠী হাউথি বাহিনী। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহে দাহরানের ‘কিং আব্দুল আজিজ বিমানঘাঁটি’তে আছড়ে পরে একের পর এক হাউথি ক্ষেপণাস্ত্র। এর জেরে সেখানে মোতায়েন করা পাকিস্তানের তিনটি জেএফ-১৭ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়। বলে রাখা ভালো, গত বছরের সেপ্টেম্বরে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির (মক্কা চুক্তি) আওতায় সৌদিতে সামরিক সরঞ্জাম এবং সেনা মেতায়েন করেছে ইসলামাবাদ।
আরও পড়ুন:
মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক অঙ্গিকারবদ্ধ হয়, কোনও একটি দেশের উপর হামলা হলে বাকিদের উপরেও হামলা বিবেচনা করা ব্যবস্থা নেওয়া হবে। এমনকী পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা আসিফ মন্তব্য করেন, সৌদি আরবের উপর হাউথি হামলা অব্যাহত থাকলে মক্কা চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেবে পাকিস্তান। যদিও বাস্তবে হাউথি হামলার পর ইসলামাবাদ বিবৃতি দেয়, সৌদি আরবের সঙ্গে মক্কা প্রতিরক্ষা চুক্তির অর্থ এই নয় যে হাউথিদের বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে পাকিস্তানকে সামরিক পদক্ষেপ করতে হবে।
এই আবহে পাক যুদ্ধবিমান ধ্বংসের খবরটি কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে রবিবার পাকিস্তানের তথ্য মন্ত্রক এই দাবি খারিজ করে দেয়। এক্স হ্যান্ডলে একটি বিবৃতিতে তারা লেখে, 'পাক যুদ্ধবিমান জেএফ-১৭ ধ্বংসের কোনও খবর পাওয়া পাওয়া যায়নি। এগুলি নিছকই অপপ্রচার।' শুধু তাই নয়, এই 'অপপ্রচারে'র জন্য তারা ভারতের দিকেও আঙুল তোলে। তবে নয়াদিল্লির কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।