আমেরিকার বৃহত্তম স্টিল প্ল্যান্ট বানাবে ভারতীয় সংস্থা, নিজেই নিজের পিঠ চাপড়ালেন ট্রাম্প!
Anwesha Adhikary
আমেরিকার ইতিহাসে সর্ববৃহৎ স্টিল প্ল্যান্ট (Largest Steel Plant In US) তৈরি করবে ভারতীয় সংস্থা। সোমবার হোয়াইট হাউস থেকে এমনটাই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৫০০ কোটি ডলারের এই প্রজেক্ট গড়বে ভারতের এসার গ্রুপ। এমন বিপুল অঙ্কের বিনিয়োগ পেয়ে খুশি ট্রাম্প। তাঁর কথায়, আমেরিকার নির্মাণশিল্পে বিরাট উন্নতি হবে। বছর চারেকের মধ্যেই এই প্ল্যান্ট থেকে স্টিল উৎপাদন শুরু হবে বলে অনুমান।
মার্কিন প্রদেশ আইওয়াতে তৈরি হবে ১৫০০ কোটি ডলারের স্টিল প্ল্যান্ট। ভারতীয় সংস্থা এসার গ্রুপের অধীনস্থ মেসাবি মেটালিক্স আমেরিকায় কাজ করে। তারাই তৈরি করবে এই স্টিল প্ল্যান্ট। মনে করা হচ্ছে, আমেরিকায় স্টিলের চাহিদার অনেকখানি পূরণ করবে এই নতুন প্ল্যান্ট। ফলে স্টিল আমদানি করতে হবে না। সোমবার ওভাল অফিসে এসার গ্রুপের কর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। ঘোষণা করেন, "মার্কিন ইতিহাসের সর্ববৃহৎ স্টিল প্ল্যান্ট তৈরি করবে মেসাবি মেটালিক্স। বিশ্বের বৃহত্তম স্টিল প্ল্যান্টগুলির মধ্যে জায়গা করে নেবে এই স্টিল প্ল্যান্ট।"
আরও পড়ুন:
উল্লেখ্য, আমদানি করা স্টিলের পণ্যে গতবছর ৫০ শতাংশ শুল্ক বসিয়েছিলেন ট্রাম্প। স্বভাবতই মার্কিন মুলুকে স্টিলের জোগানে টান পড়ে। বিশ্লেষকদের মতে, সেই সমস্যা সমাধান করতে ট্রাম্পকে উদ্যোগ নিতে হয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেছেন, "আমেরিকার ইস্পাত শিল্প আবার প্রাণ ফিরে পাচ্ছে। আসলে আমি গতবছর ৫০ শতাংশ শুল্ক বসিয়েছিলাম ইস্পাত আমদানিতে। সেকারণেই স্টিল উৎপাদক সংস্থাগুলি এখন আমেরিকায় কারখানা তৈরি করতে আগ্রহী। কেউই চাইছে না শুল্ক দিতে।"
মার্কিন রাজনৈতিক মহল মনে করছে, নির্বাচনের কথা মাথায় রেখেই এই স্টিল প্ল্যান্ট তৈরির সিদ্ধান্ত ট্রাম্পের। সামনেই রয়েছে মিড টার্ম পোলস। কয়েকদিন পরেই আইওয়াতে নির্বাচনী প্রচারে যাবেন ট্রাম্প স্বয়ং। এই প্রদেশ রিপাবলিকানদের দিকে ঝুঁকে থাকলেও এবার সেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা প্রবল। ভোটের আগে ট্রাম্প প্রশাসনের এই ঘোষণায় ভোটারদের মন গলবে, আশায় রিপাবলিকানরা। প্রত্যেক বছর ১ কোটি টন ইস্পাত উৎপাদনের লক্ষ্য নিয়ে আপাতত এগোচ্ছে ভারতীয় সংস্থাটি।