'বাম' চিনের রোষে এমবাপে থেকে মেসি, অতীতে একঝাঁক ক্রীড়াবিদকে কী কী শাস্তি দিয়েছে বেজিং?
অতীতেও কাঠগড়ায় তোলা হয়েছে বিখ্যাত ক্রীড়াব্যক্তিত্বদের।
Anwesha Adhikary
04:32 PM Oct 30, 2026 IST
-
-
কিন্তু এমবাপের 'মাও' মন্তব্যে এতখানি বিতর্ক তৈরি হল কেন? চিনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা তথা চিনের প্রাক্তন প্রেসিডেন্টকে নিয়ে চিনা আমজনতার একটা অংশের মনে এখনও নেতিবাচক ধারণাই রয়েছে বলে মত বিশ্লেষকদের। তাঁদের অনুমান, চিনা কমিউনিস্ট পার্টির ভঙ্গুর দশাটা আড়াল করতেই প্রাক্তন প্রেসিডেন্টের ইতিবাচক আবেগটা দেখিয়ে দাদাগিরি করছে বেজিং। কাঠগড়ায় তোলা হচ্ছে এমবাপের মতো বিখ্যাত ব্যক্তিত্বকে।
-
চিনের চোখরাঙানিতে এমবাপে থেকে শুরু করে তাঁর ক্লাব রিয়াল মাদ্রিদ, এমনকী লা লিগাও ক্ষমা চেয়েছে। কিন্তু তাতেও চিঁড়ে ভেজেনি। এমনকি লা লিগার প্রেসিডেন্ট জেভিয়ার তেবাস দেখাও করেন স্পেনে নিযুক্ত চিনা রাষ্ট্রদূতের সঙ্গে। সমস্যা সমাধান করতে কূটনৈতিক আলোচনা এখনও চালিয়ে যাচ্ছে লা লিগা। তা সত্ত্বেও দেশের সমস্ত হোর্ডিং থেকে সরানো হয়েছে এমবাপের ছবি। তাঁর বিজ্ঞাপনী চুক্তিও বাতিল করা হয়েছে।
-
তবে এই প্রথম নয়। তুচ্ছ কারণে অতীতেও এই একইভাবে একাধিকবার ক্রীড়াবিদদের উপর দাদাগিরি চালিয়েছে বেজিং। সেই তালিকায় প্রথম নাম ড্যারিল মোরে। ২০১৯ সালে স্বাধীনতাকামী হংকংয়ের পাশে দাঁড়িয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন এই বাস্কেটবল ম্যানেজার। তাঁর মন্তব্যকে চিনের সার্বভৌমত্বের উপর আঘাত হিসাবে ধরে নেয় শি জিনপিং প্রশাসন। তার জেরে প্রবল আর্থিক ক্ষতি এবং শেষ পর্যন্ত ড্যারিলের কেরিয়ারই শেষ হয়ে যায়।
-
আমেরিকার বাস্কেটবল তারকা এনেস কান্ট সোশাল মিডিয়ায় জিনপিংকে একনায়ক বলে তোপ দেগেছিলেন। স্বাধীন তিব্বতের হয়ে সওয়াল করেছিলেন, উইঘুর মুসলিমদের নির্যাতনের প্রতিবাদে কাঠগড়ায় তুলেছিলেন জিনপিংকে। ২৪ ঘণ্টার মধ্যেই এনেসের সমস্ত ম্যাচের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। ভবিষ্যতেও এনেসের ম্যাচ সম্প্রচার না করার সিদ্ধান্তও নেয় মিডিয়া। এমনকি সোশাল মিডিয়া এবং খবর থেকেও সরানো হয় এনেসের নাম।
-
জার্মান ফুটবলার মেসুট ওজিল সুর চড়িয়েছিলেন উইঘুর মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে। সেসময়ে বিশ্বকাপজয়ী জার্মান তারকা খেলতেন আর্সেনালে। ওজিলের মন্তব্যে রুষ্ট জিনপিং প্রশাসন আর্সেনালের সমস্ত ম্যাচের সম্প্রচার বন্ধ করে দেয়। পরে সম্প্রচার চালু হলেও অধিকাংশ ম্যাচেই ধারাভাষ্য বন্ধ রাখা হত। চিনে ব্লক করা হয় ওজিলের সোশাল মিডিয়া। এমনকী ফ্যান ক্লাবগুলি বন্ধ করা হয়।
-
কিংবদন্তি লিওনেল মেসিও বাদ পড়েননি চিনা রোষ থেকে। যদিও তিনি চিনবিরোধী কোনও কথা বলেননি, কোনও কাজও করেননি। তবু বেজিংয়ের রোষে পড়েছিলেন এলএমটেন। ২০২৪ সালে ইন্টার মায়ামি হয়ে হংকংয়ে খেলতে নামার কথা ছিল তাঁর। কিন্তু মেসি খেলতে নামেননি। দর্শকদের বঞ্চিত করার অভিযোগ ওঠে মেসির বিরুদ্ধে। তারপরেই আর্জেন্টিনার বিরুদ্ধে ফ্রেন্ডলি বাতিল করে চিন। মেসির নাম উল্লেখ করার উপরেও নিষেধাজ্ঞা জারি হয়েছিল।
Advertisement
Advertisement