মুখ থুবড়ে পড়েছে ব্যবসা! 'ত্রাহি' রব তুলে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ফেরাতে মরিয়া পাকিস্তান
Biswadip Dey
পুলওয়ামা জঙ্গি হামলার পর থেকেই বন্ধ দ্বিপাক্ষিক বাণিজ্য। আর তার জেরে গত সাত বছরে ৩ লক্ষ কোটি টাকারও বেশি অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হয়েছে পাক ব্যবসায়ীদের। একদিকে ক্রমবর্ধমান অর্থনৈতিক ক্ষতি, পাশাপাশি আমদানি ব্যয়ের অবিশ্বাস্য বৃদ্ধিতে জেরবার তাঁরা। দেশীয় শিল্পের ওপর বাড়ছে চাপও। এহেন পরিস্থিতিতে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছে পাকিস্তানের ব্যবসায়ী সম্প্রদায়। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
পাক-ভারত বিজনেস কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত হওয়ার পর থেকে পাকিস্তান প্রায় ৪০ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছে। যা ভারতীয় অঙ্কে দাঁড়ায় ৩ লক্ষ ৭৯ হাজার ২৪১ কোটি টাকা! কাউন্সিলের চেয়ারম্যান নুর মহম্মদ কাসুরি জানিয়েছেন, দীর্ঘস্থায়ী এই অচলাবস্থার কারণে পাকিস্তানি ব্যবসায়ীরা প্রয়োজনীয় কাঁচামাল ও শিল্পপণ্য দূরবর্তী দেশগুলি থেকেই সংগ্রহ করছেন বাধ্যত। এর ফলে পণ্য পরিবহনের ব্যয় এবং পণ্য পৌঁছনোর সময়— দুই-ই অভাবনীয় ভাবে বেড়ে গিয়েছে। তাঁর মতে, ভারত থেকে প্রয়োজনীয় কাঁচামাল আমদানি পুনরায় শুরু হলে কেবল পাকিস্তানের ওষুধ শিল্পই বছরে ২ থেকে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় করতে পারে। পাশাপাশি তিনি হিসেব দিয়েছেন, ব্রাজিল, মিশর, চিন ও আমেরিকার মতো দেশের থেকে তুলো সংগ্রহ করতে গিয়ে বস্ত্র উৎপাদনকারীদের প্রায় ৫ বিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয় করতে হয়েছে। কেবল তুলো বা ওষুধ নয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যও আমদানি করতে হচ্ছে দূরের 'বাজার' থেকে। যার ধাক্কা সরাসরি গিয়ে পড়ছে অর্থনীতিতে। এমতাবস্থায় ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ফেরাতে পাকিস্তান যে মরিয়া হবে তাতে বিস্ময়ের কিছু দেখছে না ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন:
নুর মহম্মদ আরও বলেছেন, দ্বিপাক্ষিক বাণিজ্য পুনরুদ্ধার হলে তা কেবলই দেশীয় ব্যবসায়ীদের জন্য যেমন লাভজনক হবে, এটা বিনিয়োগ, পর্যটন ও আঞ্চলিক সহযোগিতার নতুন সুযোগও সৃষ্টি করবে। তাঁর মতে, রাজনৈতিক মতপার্থক্য ভারত ও পাকিস্তানের পারস্পরিক লাভজনক বাণিজ্যিক সুযোগ অনুসন্ধানের পথে বাধা হওয়া উচিত নয়। বরং আলোচনার মাধ্যমেই অমীমাংসিত বিরোধগুলির সমাধান করা সম্ভব। বলে রাখা ভালো, ভারত বারবারই 'জঙ্গিদের প্রশ্রয়দাতা' পাকিস্তানকে জানিয়েছে আলোচনা তখনই সম্ভব যখন পাকিস্তান জঙ্গিদের মদত দেওয়া বন্ধ করবে। পাকিস্তান রাষ্ট্রসংঘে আলোচনর প্রসঙ্গ তুললে নয়াদিল্লি এই জবাবই দিয়েছে।