জনবহুল এলাকায় আছড়ে পড়ল যাত্রীবাহী বিমান! ফ্লোরিডায় ভয়ংকর দুর্ঘটনায় মৃত ৯
Amit Kumar Das
আমেরিকার ফ্লোরিডায় জনবসতিপূর্ণ এলাকায় আছড়ে পড়ল বিমান (Florida Plane Crash)। রবিবার দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের। জানা যাচ্ছে, লিয়ারজেট ৬০ মডেলের এই বিমানটি কার্যত মিসাইলের মতো আছড়ে পড়ে মূল সড়কের কাছেই। সঙ্গে সঙ্গে ব্যাপক বিস্ফোরণ ও বিকট শব্দ শোনা যায়। দুর্ঘটনার জেরে এলাকার বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে।
পুলিশের তরফে জানা গিয়েছে, রবিবার এই দুর্ঘটনা ঘটে পাম বিচ কাউন্টির ক্রিসহ্যাভেন এলাকায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিসর্ট থেকে মাত্র ১৪ কিমি দূরে। বিমানটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহামার নর্থ এলিউথেরা বিমানবন্দরের দিকে রওনা দিয়েছিল। দুপুর ১টা নাগাদ আকাশে ৮০০০ ফুট উচ্চতা থেকে হঠাৎ ক্ষেপণাস্ত্রের গতিতে সোজা মাটির দিকে নেমে আসে। প্রত্যক্ষদর্শীদের মতে, নিচে পড়ার আগে বিমানটি গাছে ধাক্কা মারে। এরপর বিদ্যুতের তার ছিঁড়ে আছড়ে পড়ে। দুর্ঘটনার জেরে রাস্তায় বড় গর্ত তৈরি হয়। ব্যাপক বিস্ফোরণের সঙ্গে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা।
দুপুর ১টা নাগাদ আকাশে ৮০০০ ফুট উচ্চতা থেকে হঠাৎ ক্ষেপণাস্ত্রের গতিতে সোজা মাটির দিকে নেমে আসে বিমানটি।
মর্মান্তিক এই দুর্ঘটনার দৃশ্য ক্যামেরাবন্দি হয় পথচলতি গাড়ির ক্যামেরায়। জানা যাচ্ছে, দুর্ঘটনার সময় আকাশ মেঘলা ছিল, সেই সঙ্গে বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। বাতাস বইছিল ১৫ থেকে ২৫ মাইল গতিতে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, খারাপ আবহাওয়ার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।
এদিকে দুর্ঘটনার পর মিলিটারি ট্রেইলের সমস্ত লেন বন্ধ করে দেয় পুলিশ। তবে বিকল্প পথ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ জানতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে। একই সঙ্গে পুরো পরিস্থিতির উপর নজরদারি করছে মার্কিন পরিবহন দপ্তর।