দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Serbia media house apologises

'ভুল করেছিলাম', সার্বিয়ায় প্রেসিডেন্ট হারতেই আমজনতার কাছে ক্ষমা চাইল দেশের মিডিয়া

পড়ুয়াদের আন্দোলনের জেরে পতন হয়েছে 'হিটলারি' সরকারের। তারপরেই আমজনতার কাছে ক্ষমা চেয়ে নিল দেশের জাতীয় মিডিয়া।
Anwesha Adhikary
04:26 PM Oct 29, 2026 IST
পড়ুয়াদের আন্দোলনের জেরে পতন হয়েছে 'হিটলারি' সরকারের। তারপরেই আমজনতার কাছে ক্ষমা চেয়ে নিল দেশের জাতীয় মিডিয়া।
ছবি: সংগৃহীত

পড়ুয়াদের আন্দোলনের জেরে পতন হয়েছে 'হিটলারি' সরকারের। তারপরেই আমজনতার কাছে ক্ষমা চেয়ে নিল দেশের জাতীয় মিডিয়া। বিবৃতি দিয়ে জানাল, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের দায়িত্ব পালন করতে তারা ব্যর্থ হয়েছে। সঠিকভাবে সংবাদ তুলে ধরতে পারেনি। নিজের ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করেছেন মিডিয়া কর্তাও।

অভূতপূর্ব ঘটনাটি ঘটেছে সার্বিয়ায়। গত দু’বছর ধরে ছাত্রবিক্ষোভ চলেছে বলকান দেশটিতে। রেল স্টেশন ভেঙে পড়ে ১৬ জনের মৃত্যুর ঘটনা থেকে শুরু হয় পড়ুয়াদের প্রতিবাদ। সেখান থেকে ছাত্ররা পা রাখে নির্বাচনী ময়দানে। স্টুডেন্টস লিস্ট পার্টি প্রত্যেকটি আসনেই প্রার্থী দেয়। অধিকাংশ ক্ষেত্রেই তাদের প্রতিপক্ষ ছিল সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুজিচের দল সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টি। রবিবার প্রকাশিত ভোটের ফলাফল বলছে, সার্বিয়ার পার্লামেন্টের ২৫০টি আসনের অন্তত ১৪০টি গিয়েছে স্টুডেন্টস লিস্টের ঝুলিতে। ভুজিচের দল থেমেছে ১০৫টি আসনে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

হার স্বীকার করে পদত্যাগ করেছেন ভুজিচ। তারপরেই নজিরবিহীন পদক্ষেপ করল সার্বিয়ার জাতীয় মিডিয়া। রেডিও টেলিভিশন অফ ভোজভোদিনার (আরটিভি) সান্ধ্য বুলেটিন পড়তে এসে সঞ্চালক গোরান ইরর শুরু করলেন ক্ষমাপ্রার্থনা দিয়ে। তিনি বললেন, "কয়েকবছর ধরে আমরা নিজেদের কর্তব্য পালন করতে পারিনি। চুপ করে থেকেছি, অন্ধ হয়ে থেকেছি, একতরফা তথ্য পরিবেশন করেছি। সমালোচনা করিনি, সঠিক প্রশ্ন করিনি। কিছু সময় তো প্রশ্ন করতেও ভুলে গিয়েছি।"

আত্মসমালোচনার এই বার্তা দেওয়ার পর গোরান বলেন, "আমরা দর্শকদের কাছে ক্ষমা চাইছি। কয়েকজন সাংবাদিক লড়াই করেছিলেন আদর্শ বজায় রাখতে। কিন্তু সেসময় আমরা সফল হতে পারিনি।" আরটিভির একাধিক শীর্ষকর্তাও পদত্যাগ করেছেন। অন্যদিকে, এতদিন যেসমস্ত সংবাদপত্রগুলি ভুজিচের পক্ষে খবর প্রচার করত, তাদের দপ্তরে ঢুকে পড়ছেন প্রতিবাদীরা। কর্তাদের গ্রেপ্তারি চাইছেন। এমনকী এই সংবাদমাধ্যমের লাইসেন্সও বাতিলের দাবি জানাচ্ছেন প্রতিবাদীরা। অনেক ক্ষেত্রেই পুলিশ মোতায়েন করতে হয়েছে দপ্তরের সামনে।

ছাত্রদের জয়ে উচ্ছ্বাসে মেতেছে সার্বিয়ার অধিকাংশ এলাকা। কিন্তু তারপর থেকেই সার্বিয়ার রাজনৈতিক মহলে প্রশ্ন, এবার দেশকে নেতৃত্ব দেবে কে? ছাত্ররা রাজনৈতিক ময়দানে নামলেও সে অর্থে কোনও নেতা বেছে নেয়নি। তাহলে দেশ চালানোর দায়িত্ব যাবে কার হাতে?

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Serbia
Advertisement
Tags :
Serbia

নিয়মিত খবরে থাকতে ফলো করুন