ইরানে আছড়ে পড়বে মার্কিন পরমাণু বোমা! তেহরানের 'বিশেষ ভিডিও'র পরই তুঙ্গে জল্পনা
Kishore Ghosh
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওই ভয়ংকর কাণ্ড দেখেনি মানবসভ্যতা। এবার কি তারই সাক্ষী হবে মধ্যপ্রাচ্য-সহ গোটা পৃথিবী! ইরানে কি পরমাণু হামলা চালাবে আমেরিকা? এই প্রশ্ন উঠছে ইরান সরকারের জারি করা একটি বিশেষ ভিডিও নির্দেশিকা প্রকাশ্যে আসার পর। সম্প্রতি সমাজমাধ্যমে ৮ মিনিটের ওই ভিডিও আপলোড করেছে ইরান প্রশাসন। যেখানে সাধারণ মানুষকে জানানো হয়েছে, কীভাবে পরমাণু হামলার হলে প্রাণ রক্ষা করবেন।
প্রশাসনিক পরামর্শের ভিডিওটিতে আশ্রয় নেওয়া, তেজস্ক্রিয় দূষণ এড়ানো এবং তেজস্ক্রিয় ধূলিকণা (ফলআউট) থেকে সুরক্ষার বিষয়ে নির্দেশনা রয়েছে। ইরানের সরকারি সংবাদসংস্থা ‘ইরনা’ (IRNA) ভিডিওটির পাশাপাশি এই নির্দেশিকাগুলো প্রকাশ করেছে। এতে নাগরিকদের ভূগর্ভস্থ কক্ষ বা বেসমেন্টে আশ্রয় নিতে বলা হয়েছে। এছাড়াও জানালা থেকে দূরে থাকা এবং বাইরের বাতাস ভেতরে টেনে নেয়, অর্থাৎ এয়ার কন্ডিশনের মতো বৈদ্যুতিন যন্ত্র বন্ধ রাখার পরামর্শও দেওয়া হয়েছে। এছাড়াও কেউ যদি খোলা জায়গায় আটকা পড়েন, তবে তার কী করা উচিত—সে বিষয়েও পরামর্শ দেওয়া হয়েছে ৮ মিনিটের বিশেষ ভিডিওতে।
আরও পড়ুন:
মিশর ও সৌদি আরবের সংবাদমাধ্যমগুলিও এই নির্দেশনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে পরামর্শ দেওয়া হয়েছে, হামলার পর অন্তত ২৪ ঘণ্টা যেন তারা নিরাপদ আশ্রয়েই থাকেন, প্যাকেটজাত খাবার ও বোতলের পানীয় জল ব্যবহার করেন। যানবাহনের ভিতরে আশ্রয় নিতে বারণ করা হয়েছে। ইরানের জরুরি পরিষেবার আধিকারিকরা সতর্ক করেছেন, তেজস্ক্রিয় কণা বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে, যা বিস্ফোরণস্থল থেকে অনেক দূরে থাকা মানুষদের জন্যও ঝুঁকির কারণ হতে পারে।
'ইরনা'-র পরমর্শ ভিডিওটি গত ২৯ অক্টোবর প্রথমবার প্রকাশ্যে আসে। পারমাণবিক বিস্ফোরণে প্রাণ রক্ষার নির্দেশাবলি তেহরানের অতীতের নির্দেশিকাগুলির থেকে উল্লেখযোগ্যভাবে আলাদা। উল্লেখ্য, ২০২৫ সালের জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে ইজরায়েল ও আমেরিকার বিমান হামলার সময় প্রশাসনিক কর্তারা জনগণকে আশ্বস্ত করেছিলেন, তেজস্ক্রিয়তা বাইরে ছড়িয়ে পড়েনি। বাস্তবে আমেরিকা পরমাণু হামলা চালালে তেজস্ক্রিয়তা না ছড়ানোর কোনও সম্ভাবনা থাকবে না। ওয়াকিবহাল মহলের প্রশ্ন, একই কারণে কি ইউরোপের দেশগুলি ঘরে খাবার-ওষুধের মতো জরুরি জিনিস মজুত করার পরামর্শ দিচ্ছে জনতাকে?