অসাংবিধানিক! সিএনএন-সহ ৩ সংবাদমাধ্যমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ, আদালতে ধাক্কা ট্রাম্পের
Subhodeep Mullick
আদালতে জোর ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সিএনএন-সহ ৩ সংবাদমাধ্যমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ বিচারকের। পাশাপাশি, ট্রাম্পের এহেন পদক্ষেপকে অসাংবিধানিক বলেও আখ্যা দিয়েছেন তিনি।
গত ১৮ সেপ্টেম্বর সিএনএন, এমএস নাও এবং পলিটিকো এই তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট। বাতিল করা হয় প্রেস পাস। তাঁর অভিযোগ, এই সংবাদমাধ্যমগুলি দিনের পর দিন ধরে মিথ্যা, ভুয়ো ও নিজেদের মনগড়া খবর পরিবেশন করে আসছে। যার জেরেই এই পদক্ষেপ করা হয়েছে। তিনি হুঁশিয়ারির সুরে আরও বলেন, "মিথ্যা খবর পরিবেশনের অভিযোগে ভবিষ্যতে আরও একাধিক সংবাদমাধ্যমের বিরুদ্ধে এহেন পদক্ষেপ করা হতে পারে।" ট্রাম্পের এহেন পদক্ষেপের পরই বিশ্বজুড়ে বিতর্ক তৈরি হয়। এই সিদ্ধান্তকে সিদ্ধান্তকে সংবিধান-বিরোধী বলে আখ্যা দেয় বিরোধীরা।
আরও পড়ুন:
এরপরই ওই তিন সংবাদমাধ্যম পালটা মার্কিন প্রেসিডেন্ট এবং সরকারের অন্যান্য আধিকারিকদের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা দায়ের করেন। তারা দাবি করেন, এই সিদ্ধান্ত সংবিধান বিরোধী এবং বাক-স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার পরিপন্থী। বুধবার শুনানির পর ফেডারেল আদালতের বিচারক টিম কেলি ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেন। শুধু তাই নয়, সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলির প্রেস পাস অবিলম্বে ফেরত দেওয়ারও নির্দেশ দেন তিনি। আদালতে ট্রাম্প সরকার যুক্তি দেন, জাতীয় নিরাপত্তার স্বার্থেই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সেই যুক্তিও খারিজ করে দিয়েছেন বিচারক। তিনি বলেন, "মামলায় এমন কোনও তথ্য-প্রমাণ নেই যে, সংবাদমাধ্যমগুলির প্রেস পাস বাতিল করলে জাতীয় নিরাপত্তা সুরক্ষিত হবে।"