মধ্যবর্তী নির্বাচনে ধরাশায়ী ট্রাম্প, মার্কিন কংগ্রেসের দখল নিল ডেমোক্র্যাটরা! ভরাডুবি রিপাবলিকানদের
Subhodeep Mullick
দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে হোয়াইট হাউসে পা রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ক্ষমতার কেন্দ্রে থেকে দু'বছরের মধ্যেই জোর ধাক্কা। আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে (মিড টার্ম ইলেকশন) (US Midterm Elections) ধরাশায়ী ট্রাম্পের রিপাবলিকান পার্টি। মার্কিন কংগ্রেসের দখল নিল ডেমোক্র্যাটরা। সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভস -দুই কক্ষেরই সংখ্যাগরিষ্ঠতা হারাল ট্রাম্পের দল। দু'বছর পর আমেরিকায় রয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এখনও পর্যন্ত যে হিসাব উঠে আসছে, তাতে দেখা দেখা যাচ্ছে, মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ ১০০ আসন বিশিষ্ট সেনেটে ডেমোক্র্যাটরা এগিয়ে ৫৩টিতে এবং রিপাবলিকানরা ৪২টিতে। অন্যদিকে, নিম্নকক্ষ ৪৩৫ আসনের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ২২৪টিতে এগিয়ে ডেমোক্র্যাটরা এবং ১৩৩টিতে এগিয়ে রিপাবলিকানরা। তবে কয়েকটি আসনের চূড়ান্ত ফল এখনও আসা বাকি। বলে রাখা ভালো, এতদিন পর্যন্ত সেনেটে রিপাবলিকানদের দখলে ছিল ৫৩টি এবং ডেমোক্র্যাটদের দখলে ছিল ৪৭টি আসন। হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকানদের হাতে ছিল ২১৮টি আসন এবং ডেমোক্র্যাটদের ২১৪টি।
আরও পড়ুন:
বিশেষজ্ঞদের মতে, এই ফলাফলের পথে ট্রাম্পের অনেক পরিকল্পনা আইনি পথে আটকে দিতে পারবে ডেমোক্র্যাটরা। এছাড়া, তারা শুনানির আয়োজন করা, সমন জারি করা এবং তদন্ত পরিচালনার ক্ষমতাও পেয়ে যাবে। যদিও ট্রাম্পের ভেটো দেওয়ার ক্ষমতা এবং সেনেটে ‘ফিলিবাস্টার’ (আইন প্রণয়ন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা সৃষ্টির কৌশল)-এর কারণে বিষয়টা খুব একটা সহজ হবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
রিপাবলিকানদের এই ভরাডুবির পর মুখ খুলেছেন ট্রাম্প। ডেমোক্র্যাটদের অভিনন্দন জানিয়ে একসঙ্গে কাজের বার্তা দিয়েছেন তিনি। একইসঙ্গে মনে করিয়ে দিয়েছেন ‘ভেটো’-ক্ষমতার কথাও। মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমার সত্যিই মনে হয় ডেমোক্র্যাটরা ভালো কাজ করেছে। আমেরিকায় এবার ভিন্ন এক হাওয়াও ছিল। তাই আমার অপরাধবোধে ভোগার কোনও কারণ নেই।” তিনি আরও বলেন, "যদি আমি নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতাম, তাহলে আমরা বিপুল ব্যবধানে জয়ী হতাম।"