ইউক্রেন যুদ্ধ অবসানে উদ্যোগী মোদি, গান্ধীর জন্মদিনে 'বন্ধু'র শান্তিপ্রস্তাবের প্রশংসা পুতিনের
Kishore Ghosh
চোখের বদলে চোখ উপড়ে নিলে একদিন গোটা পৃথিবী অন্ধ হয়ে যাবে, মন্তব্য করেছিলেন মহাত্মা গান্ধী। একটানা চলা দুই যুদ্ধ--- ইউক্রেন-রাশিয়া ও আমেরিকা-ইরানে কার্যত সেই অবস্থা! ভেঙে পড়ছে ভারত-সহ গোটা পৃথিবীর অর্থনীতি। এই অবস্থায় ইউক্রেন যুদ্ধের অবসানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগের প্রশংসা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২ অক্টোবর গান্ধীর জন্মদিনে রুশ প্রেসিডেন্টের বার্তা, যুদ্ধের বদলে শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে মোদির কাছে "দুর্দান্ত কিছু ভাবনা" রয়েছে।
মস্কোয় একটি অনুষ্ঠানে মোদি তথা ভারতের সঙ্গে 'ভালো সম্পর্কে'র কথা উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট। এরপর তিনি জানান, গত পাঁচ বছর ধরে চলা যুদ্ধ বন্ধ করতে বারবার উদ্যোগী হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। পুতিন বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেইসব বিশ্বনেতাদের মধ্যে অন্যতম— যাঁদের সঙ্গে আমাদের অত্যন্ত ভালো ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তিনি ক্রমাগত ইউক্রেন সংঘাতের অবসানের বিষয়টি উত্থাপন করেছেন, এই বিষয়ে প্রশ্ন তুলেছেন।"
আরও পড়ুন:
পুতিন আরও বলেন, "গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করার ব্যাপারে তাঁর (প্রধানমন্ত্রী মোদির) গভীর আগ্রহ, (এই বিষয়ে) খুব ভালো ধারণাও রয়েছে। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী মোদি একটি নিরপেক্ষ অবস্থান নিয়েছেন, কিন্তু সংঘাতের অবসান ঘটানোর ব্যাপারে তাঁর আগ্রহ রয়েছে। আমি মনে করি, এই কথাটা সরাসরি বলা আমার কর্তব্য। আমরা প্রধানমন্ত্রীর (মোদির) এই ভাবনার জন্য তাঁর কাছে কৃতজ্ঞ।"
গত মাসে ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফর করেন পুতিন। সেই সময় রুশ প্রেসিডেন্টের সামনেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। ১১ সেপ্টেম্বরের বৈঠকে মোদি বলেছিলেন, সংঘাত নিরসনে আলোচনা ও কূটনীতিই একমাত্র পথ। উল্লেখ্য, দুটি যুদ্ধ (ইউক্রেন-রাশিয়া ও আমেরিকা-ইরান) অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে দেশে খাদ্যাভাব দেখা দিতে পারে, কদিন আগেই এই আশঙ্কা প্রকাশ করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। নেপথ্যে জ্বালানি, সারের মতো জরুরি পণ্য সামগ্রী আমদানিতে বাঁধা। এই অবস্থায় যুদ্ধ থামাতে ভারত যে মরিয়া হবে তা বলাই বাহুল্য।