মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি, সংসদের দুই কক্ষ বিরোধী ডেমোক্র্যাটদের দখলে, এবার ট্রাম্পের কী হবে?
Kishore Ghosh
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনী ভরাডুবি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন সংসদের দুই কক্ষ সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টিটিভসের দখল নিয়েছে ডেমোক্র্যাটরা। এই অবস্থায় ধনকুবের ট্রাম্পের ভবিষ্যৎ কী? ইরান যুদ্ধ থেকে আগ্রাসী শুল্কনীতি, অভিবাসী বিরোধী অভিযান থেকে 'আমেরিকান ফার্স্ট' নীতি কি এবার বিশ বাঁও জলে? প্রশ্ন হল, সংসদের দুই কক্ষে ক্ষমতা হারিয়ে কতটা নখদন্তহীন হয়ে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট?
এত দিন মার্কিন আইনসভার নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকানদের হাতে ছিল ২১৮টি আসন। অন্যদিকে ডেমোক্র্যাটদের দখলে ছিল ২১৪টি আসন। অন্যদিকে, সেনেটে ডেমোক্র্যাট শিবিরের ছিল ৪৭টি এবং রিপাবলিকানদের হাতে ছিল ৫৩টি আসন। শেষ খবর পাওয়া পর্যন্ত, ১০০ আসনের সেনেটে ৫৩টিতে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটরা, ৪১টিতে রিপাবলিকানরা। অন্যদিকে, ৪৩৫ আসনের হাউস অফ রিপ্রেজেন্টিটিভসে ২০৭টি আসনে এগিয়ে ডেমোক্র্যাটরা আর ১২৩টিতে এগিয়ে ট্রাম্পের দল। ইতিমধ্যে অধিকাংশ আসনে চূড়ান্ত ফলাফল এসে গিয়েছে।
আরও পড়ুন:
অর্থাৎ, সব মিলিয়ে ট্রাম্পের (Donald Trump) নৌকোডুবি নিশ্চিত। এরপর মার্কিন প্রেসিডেন্টের ভবিষ্যৎ কী? আরও দু'বছর তাঁর প্রেসিডেন্সিয়াল মেয়াদ রয়েছে। কার্যত কি ডেমোক্র্যাট সংসদ সদস্যদের হাতের পুতুলে পরিণত হবেন ট্রাম্প? বিশেষজ্ঞদের বক্তব্য, কার্যতই একজন ক্ষমতাহীন প্রেসিডেন্টে পরিণত হবেন ট্রাম্প। ধরা যাক, ভারতে মধ্যবর্তী নির্বাচনে সংসদের দুই কক্ষে জয় পেয়েছে কংগ্রেস, অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও দু'বছর পদে থাকবেন। এই অবস্থায় সংসদে ইচ্ছে মতো বিল পাশ করার ক্ষমতা হারাতেন মোদি এবং তাঁর দল বিজেপি। এই মুহূর্তে প্রায় সেই অবস্থা ট্রাম্পের। 'প্রায়' কেন?
কারণ মার্কিন সংবিধান আমেরিকার প্রেসিডেন্টদের একটি বিশেষ ক্ষমতা প্রদান করে। এই ক্ষমতাবলে মার্কিন আইনসভায় পাশ হওয়া যে কোনও বিল 'ভেটো' প্রয়োগ করে রদ করে দিতে পারেন প্রেসিডেন্ট। কোনও বিলে সম্মতি থাকলে প্রেসিডেন্ট তাতে স্বাক্ষর করবেন। নচেত তা পুনর্বিবেচনার জন্য ফের আইনসভার কাছে পাঠাবেন। যদিও সংখ্যাগুরু বিরোধীরাও যে ছেড়ে কথা বলবে না, তা বলাই বাহুল্য। সম্ভবত সেই বিষয়টি মাথায় রেখেই হার নিশ্চিত জানার পর সমাজমাধ্যমে ইঙ্গিতবাহী পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার সোশাল মিডিয়ায় একটি লাল রঙের টুপির ছবি পোস্ট করেন ট্রাম্প। যার উপরে সাদা অক্ষরে লেখা রয়েছে ‘ভেটো’ শব্দটি।
ইতিমধ্যে প্রয়োজন 'ভেটো' প্রয়োগ করবেন বলে হুঁশিয়ার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ‘সিবিএস নিউজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আত্মবিশ্বাসের সুরে জানান, নির্বাচনের ফলাফল যা-ই হোক না কেন, আমেরিকার রাজনীতির উপর তিনি তাঁর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবেন। তিনি বলেন, ‘‘আমার কাছে চূড়ান্ত ক্ষমতা রয়েছে— যাকে বলে ভেটো!’’ এমনকী লজ্জার মাথা খেয়ে জানান, ডেমোক্র্যাট প্রতিনিধিরা সংখ্যাগরিষ্ঠতা পেলে যদি তাঁকে ‘মিস্টার ভেটো’ বলে সম্বোধন করে, তাতেও তিনি স্বাচ্ছন্দ্যবোধ করবেন।
ওয়াকিবহলের বক্তব্য, ট্রাম্পের শাসনকালে গত দুই বছরে দেশটি যে পথে এগিয়েছে, তার বিরুদ্ধে তীব্র অসন্তোষই প্রতিফলিত হয়েছে মধ্যবর্তী নির্বাচনে। জীবনযাত্রার ব্যয়, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং ইরান যুদ্ধের ফলে মার্কিন অর্থনীতির উপর চাপ—এসবই ট্রাম্প এবং তাঁর দল রিপাবলিকানদের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এখন 'ভেটো' তুলে হুঁশিয়ারি আসলে ক্ষমতালিপ্সু শাসকচরিত্রের কদর্য আয়না।