মোদি থাকলে ভারতে ফিরবেন না! এবার তালিবানের নারী নিপীড়নকে সমর্থন কট্টরপন্থী জাকির নায়েকের
Subhodeep Mullick
নরেন্দ্র মোদি ক্ষমতায় থাকলে ভারতে ফিরবেন না। এমনটাই বলেছিল ‘ভারত বিরোধী’ কট্টরপন্থী ধর্মীয় নেতা জাকির নায়েক। এবার তালিবানের পাশে দাঁড়িয়ে বিতর্কে জড়ালেন তিনি। পাশাপাশি, তালিবানের 'নারী নিপীড়ন'কেও সমর্থন করেছেন জাকির।
সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও বার্তা দেন জাকির। সেখানে তিনি দাবি করেন, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণেই মেয়েদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা সাময়িকভাবে স্থগিত রেখেছে তালেবান। জাকিরকে বলতে শোনা যায়, “আফগানিস্তানে নারীদের জন্য পরিস্থিতি খুব একটা নিরাপদ নয়। তবে তালিবানের রাষ্ট্রদূতের কাছ থেকে আমি জানতে পেরেছি, সেখানে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত নারীদের শিক্ষার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ, নারীদের জন্য প্রাথমিক শিক্ষার সুযোগ আছে। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে পরিস্থিতি নিরাপদ না হওয়ায় তা আপাতত বন্ধ।” তিনি আরও বলেন, “পরিস্থিতি যাতে ঠিক হয়, সেই অপেক্ষাতেই তালিবান রয়েছে। তবে ইসলামি শিক্ষার অন্যান্য দিক - যেমন শরিয়া, কোরান বা পিএইচডি এসবের সুযোগ সেখানে রয়েছে। এমনকী শরিয়া বিষয়ক বহু শিক্ষকও সেখানে রয়েছেন।"
আরও পড়ুন:
আফগানিস্তানে মেয়েদের মাধ্যমিক ও উচ্চশিক্ষার সুযোগ না থাকায় শিক্ষক সংকটকেই দায়ী করেছেন কট্টরপন্থী ওই ধর্মীয় নেতা। তাঁর কথায়, "প্রাথমিক শিক্ষা, অর্থাৎ ষষ্ঠ শ্রেণি পর্যন্ত, সেখানে ছেলে-মেয়ে প্রত্যেকের জন্যই শিক্ষার সুযোগ রয়েছে। তবে মাধ্যমিক স্তরের ক্ষেত্রে সেই সুযোগ নেই। মহিলা শিক্ষকরা যাতে পড়াশোনা করাতে পারেন, সেই পরিবেশও নেই। জাকিরের বক্তব্য, যদি শিক্ষক সংকটের কারণে শিক্ষার আলো না পৌঁছয়, তাহলে তাতে কোনও সমস্যা নেই। তবে এই পরিস্থিতি যেন দীর্ঘায়িত না হয়।"
উল্লেখ্য, কট্টর মৌলবাদের জনক হিসেবে ধরা হয় জাকিরকে। ২০১৬ সালে ঢাকায় হোলি আর্টিশান বেকারিতে জঙ্গি হামলার পর তৎকালীন শেখ হাসিনা সরকার জাকির ও তাঁর টিভি চ্যানেলকে নিষিদ্ধ করেছিল। ভয়ংকর এই জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল ২২ জনের। যার মধ্যে ১৭ জন ছিলেন বিদেশি। এই সন্ত্রাসে যুক্ত এক জঙ্গি দাবি করে, সে জাকিরের দ্বারা প্রভাবিত হয়েই এই হামলা চালিয়েছিল। জাকিরের বিরুদ্ধে ভারতের রয়েছে ভুরি ভুরি অভিযোগ। ইউএপিএ ধারায় মামলা চলছে তার বিরুদ্ধে। উসকানিমূলক বক্তৃতার মাধ্যমে ধর্মীয় সম্প্রতি নষ্ট করায় সিদ্ধহস্ত এই কট্টর ধর্মগুরু। বর্তমানে মালয়েশিয়ায় ঘাঁটি গেড়েছে এই অপরাধী। ভারতের তরফে জাকিরকে প্রত্যর্পণের চেষ্টা করা হলেও তা এখনও সফল হয়নি।