তারেক রহমানের জমানাতেও বদলাল না ছবি। এবার গোপালগঞ্জে শেখ মুজিবর রহমানের ম্যুরালে কালি লেপে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়াল। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা–কর্মীরা।
স্থানীয় সূত্রে খবর, গত ৯ জুন রাতে কাশিয়ানি উপজেলা পরিষদ চত্বরে মুজিবের ম্যুরালে কালি লেপে দেয় একদল অজ্ঞাতপরিচয় যুবক। পরদিন ছাত্রলিগের কয়েকজন নেতা-কর্মী সেই কালি মুছে পরিষ্কার করতে দেখা যায়। সেই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই আলোড়ন পড়ে যায়। এরপরই গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় বিক্ষোভে সরব হয় ছাত্রলিগ।
জানা গিয়েছে, সোমবার প্রায় ৪০ থেকে ৫০ জন নেতা-কর্মী মিছিল করেন। এদিন দুপুরে উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় ঢাকা-খুলনা সড়ক অবরোধ করেন তাঁরা। অভিযোগ, প্রতিবাদে তারা রাস্তার বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দেন। চলে ভাঙচুরও। প্রায় আধ ঘণ্টা রাস্তা অবরোধ থাকার কারণে সড়কের উভয় দিকে আটকে পড়ে বহু গাড়ি। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ প্রসঙ্গে কাশিয়ানি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারি মহম্মদ মাহফুজুর রহমান বলেন, "শুনেছি ছাত্রলিগের নেতা-কর্মীরা মিছিল করেছিলেন। তবে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। গোচা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"
