ফুটবল বিশ্বকাপ (Bangladesh) এখনও শুরু হয়নি। বৃহস্পতিবার রাতে প্রতিযোগিতার 'ঢাকে কাঠি' পড়তে চলেছে। কিন্তু এখন থেকেই কাউন্টডাউন যে পুরোদমে শুরু হয়ে গিয়েছে তা বলাই যায়। আর এহেন পরিস্থিতিতে বাংলাদেশের শেরপুরে দেখা গেল এক অদ্ভুত ঘটনা। রীতিমতো দুধস্নান করে আর্জেন্টিনার শিবির ছেড়ে ব্রাজিলে গেলেন এক যুবক! ভাইরাল হয়ে গিয়েছে সেই ছবি। যাকে ঘিরে রীতিমতো শোরগোল নেটপাড়ায়।
জানা যাচ্ছে, ঘটনা গত সোমবারের। রাত সাড়ে এগারোটা নাগাদ শেরপুরের চাপাতলিতে এক মাদক নিরাময় কেন্দ্রের ছাদে ১০ লিটার দুধে স্নান করেন ওই যুবক। তাঁর সঙ্গে ছিলেন ব্রাজিলের সমর্থকেরা। সংখ্যায় তাঁরা ২০ থেকে ২৫ জন হবেন। তাঁদের সামনেই এই কাণ্ড করেন দেবপ্রিয় দাস নামের ওই যুবক।
দেবপ্রিয় সম্পর্কে বলতে গিয়ে সেখানে উপস্থিত এক ব্রাজিল সমর্থক মহম্মদ আলিম জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই লিওনেল মেসিকে সমর্থন করেন তিনি। এটাই মেসির শেষ বিশ্বকাপ। তার আগেই প্রিয় খেলোয়াড়ের দল থেকে সমর্থন তুলে নিলেন ওই যুবক। এবার থেকে তিনি ব্রাজিলের সমর্থক। আর তার আগে 'প্রায়শ্চিত্ত' করলেন দুধস্নান করলেন। যেন এতকাল আর্জেন্টিনাকে সমর্থন করে 'পাপ' করে ফেলেছেন।
এদিকে দেবপ্রিয়ও বাংলাদেশের সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, তিনি এই আর্জেন্টিনার উপরে আর ভরসা রাখতে পারছেন না। কেননা দলে আর তেমন তারকা নেই। পাশাপাশি ব্রাজিলীয় ফুটবলের শৈল্পিক ছোঁয়া তাঁকে মুগ্ধ করে। আবার নেইমারের খেলাও ভালো লাগে। আর তাই তিনি বিশ্বকাপের আগে আর্জেন্টিনা থেকে ব্রাজিলের সমর্থক হয়ে উঠলেন। ঘটনার ভিডিও-ও ছড়িয়ে পড়েছে। আর সেই কারণেই শোরগোলও পড়েছে। দেখা গিয়েছে, স্নানশেষে দেবপ্রিয়কে রীতিমতো মালা পরিয়ে শিবিরে স্বাগত জানিয়েছেন ব্রাজিল সমর্থকরা। বলে রাখা ভালো, বিশ্বকাপ ফুটবলে যেহেতু উপমহাদেশের কোনও দল খেলে না, তাই প্রতিবারই এই প্রতিযোগিতা শুরু হলেই বিভিন্ন দলকে সমর্থন করেন সকলে। সেই সমর্থনের কারণে রীতিমতো গোলমালও লেগে যায়। মারামারির ঘটনাও ঘটে। ব্যতিক্রম নয় বাংলাদেশও। এবারও যে বিশ্বকাপ জ্বরে মাততে চলেছে বাংলাদেশ, তা বুঝিয়ে দিল দেবপ্রিয়র ঘটনাটি।
