shono
Advertisement

Breaking News

Purba Bardhaman

ছাদে কাপড় মেলার তারেই ইলেকট্রিক লাইন! ছুঁতেই বিদ্যুৎস্পৃষ্ট মহিলা, বাঁচাতে গিয়ে মৃত্যু দেওর-বউদির

ছাদে ফুল তুলতে গিয়েছিলেন গৃহবধূ। এদিকে বিদ্যুৎবাহী একটি খোলা তার কোনওভাবে যুক্ত হয়ে গিয়েছিল ছাদে থাকা কাপড়জামা মেলার তারে। সেই তার ছুঁতেই ঘটে বিপত্তি।
Published By: Suhrid DasPosted: 04:36 PM Aug 18, 2026Updated: 05:19 PM Aug 18, 2026

ছাদে ফুল তুলতে গিয়েছিলেন গৃহবধূ। এদিকে বিদ্যুৎবাহী একটি খোলা তার কোনওভাবে যুক্ত হয়ে গিয়েছিল ছাদে থাকা কাপড়জামা মেলার তারে। সেই তার ছুঁতেই ঘটে বিপত্তি। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন মাঝবয়সী সাথী মিত্র। ওই ঘটনা দেখে সাথীকে বাঁচাতে গিয়েছিলেন দেওর ও বউদি। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। আক্রান্ত দু'জনকে রক্ষা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মনোজ মিত্রও। পরে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়ে দেন মনোজ মিত্র ও আদরী মিত্র আগেই মারা গিয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালেই ভর্তি সাথী মিত্র। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) রায়নায়।

Advertisement

মনোজ ও সাথী সম্পর্কে স্বামী-স্ত্রী। মনোজের ভ্রাতৃবধূ বছর ৩৪ বয়সের আদরী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই পরিবার একসঙ্গে একই বাড়িতে থাকে। ওই বাড়ির দোতলার ছাদে নির্মাণকাজ চলছিল। পাশাপাশি চলছিল বিদ্যুতের লাইনের কাজও। গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে বৃষ্টি চলছে। এদিকে কোনওভাবে একটি ইলেকট্রিকের লাইনে বিদ্যুৎ সংযোগ চলে এসেছিল। সেই বিষয়য়ি ঘুণাক্ষরে টের পাননি ওই বাড়ির সদস্যরা।

আজ, মঙ্গলবার সকালে মনোজের স্ত্রী সাথী মিত্র ছাদে ফুল তুলতে গিয়েছিলেন। তখনই ঘটে যায় বিপত্তি। ওই কাপড় মেলার তারের সঙ্গে কোনওভাবে ওই বিদ্যুৎবাহী তার লেগেছিল! ফলে কাপড় মেলার তারটিতেও বিদ্যুৎ সংযোগ এসেছিল। সাথী তারটি ধরতেই বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি বুঝতে না পেরে ছোট জা আদরী সাথীকে তুলতে যান। তিনিও সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন। দু'জনকে ছাদে এভাবে পড়ে থাকতে দেখে তুলতে গিয়েছিলেন মনোজ মিত্র। তিনিও একইভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন।

লোকজন এসে বিষয়টি বুঝতে পেরে ওই বিদ্যুতের তারটি সরিয়ে তিনজনকে উদ্ধার করে। দ্রুত তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক মনোজ ও আদরীকে মৃত ঘোষণা করেন। খবর দেওয়া হয় পুলিশে। দুটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে দুর্ঘটনা বলেই মনে করছে পুলিশ। তবে কীভাবে ইলেকট্রিকের তারে বিদ্যুৎ সংযোগ এল? বৃষ্টির জন্য খোলা তারটি বিদ্যুৎবাহী হয়ে গিয়েছিল? সেই প্রশ্ন উঠেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement