shono
Advertisement

চাকরির পরীক্ষায় ব্যাপক জালিয়াতি, আসানসোলে গ্রেপ্তার ২৫ পরীক্ষার্থী

পুলিশের দাবি, কেউ অবৈধভাবে ব্যবহার করেছে মোবাইল। কারও কাছে ছিল ভ্যানিশিং ইঙ্ক।
Posted: 09:58 PM Feb 20, 2022Updated: 10:02 PM Feb 20, 2022

শেখর চন্দ্র, আসানসোল: পশ্চিম বর্ধমান জেলা জজ আদালতে কর্মী নিয়োগের পরীক্ষায় (স্টাফ সিলেকশন এক্সজামিনেশন অফ পশ্চিম বর্ধমান জজশিপ -২০১৯) ব্যাপক জালিয়াতি। কেউ অবৈধভাবে ব্যবহার করেছে একাধিক মোবাইল ফোন। আবার কেউ ব্যবহার করেছে ভ্যানিশিং কালি। কেউ আবার ব্যবহার করেছে ভুয়ো অ্যাডমিট। এই অভিযোগে এখনও পর্যন্ত গ্রেপ্তার ২৫ জন।

Advertisement

পশ্চিম বর্ধমান জেলা জজ আদালতে কর্মী নিয়োগের পরীক্ষা (স্টাফ সিলেকশন এক্সামিনেশন অফ পশ্চিম বর্ধমান জজশিপ -২০১৯) ছিল রবিবার। মোট দু’টি পর্যায়ে চতুর্থ শ্রেণি, ই- স্টেনো-সহ বিভিন্ন পদে নিয়োগের এই পরীক্ষা হয়। আসানসোল শহর-সহ শিল্পাঞ্চলের একাধিক স্কুলে এই পরীক্ষার আয়োজন করা হয়েছিল। কলকাতা হাই কোর্টের তত্ত্বাবধানে এই পরীক্ষা হয়। জানা গিয়েছে, একাধিক স্কুলে পরীক্ষার্থীর উপস্থিতির সংখ্যা অনেক কম ছিল। আসানসোল উত্তর থানা এলাকার স্কুলে ৩০০ জনের পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু যোগ দিয়েছিলেন মাত্র ৮১ জন। আসানসোল শহরের একটি গার্লস স্কুলেও ৪০ শতাংশের মতো পরীক্ষার্থী ছিলেন। 

[আরও পড়ুন: সাধন পাণ্ডের মৃত্যুতে অর্ধদিবস ছুটি ঘোষণা রাজ্যের]

এদিনের পরীক্ষার জন্য সব পরীক্ষা কেন্দ্রেই পুলিশ মোতায়েন করা হয়েছিল। তা সত্ত্বেও কেউ অবৈধভাবে ব্যবহার করেছে একাধিক মোবাইল ফোন। আবার কেউ ব্যবহার করেছে ভ্যানিশিং কালি। কেউ আবার ব্যবহার করেছে ভুয়ো অ্যাডমিট। আসানসোল শহরের একটি স্কুল থেকে ২০জন পরীক্ষার্থীকে আটক করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। ৫ পরীক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ, তারা মোবাইল ফোন লুকিয়ে পরীক্ষা হলে ঢুকেছিল। ৫ জনের থেকে ভ্যানিশিং কালি পাওয়া যায়। বাকি ১০ জনের পরীক্ষার অ্যাডমিট কার্ডের সঙ্গে তাদের পরিচয়পত্রের ছবি মেলেনি।

পরীক্ষার্থীদের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া মোবাইল।

পুলিশের দাবি, আসানসোল উত্তর, দক্ষিণ, কুলটি ও হীরাপুর-সহ মোট চারটি থানায় আটটি মামলা হয়েছে। ২৫ জন পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। যারা এই পরীক্ষার আয়োজন করেছিলেন, তাদের কাছ থেকে লিখিত অভিযোগ চাওয়া হয়। তারা অভিযোগ দায়ের করার পরই জালিয়াতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

[আরও পড়ুন: দীর্ঘদিনের লড়াইয়ে হার, প্রয়াত রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে, টুইটে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার