নিঝুম রাতে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ। দার্জিলিং সদর হাসপাতালের ঘটনা। শুক্রবার রাতে এই ছবিই ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। হাসপাতালের রোগী ও পরিজনদের মধ্যেই আতঙ্ক তৈরি হয়েছে। চিতাবাঘটির খোঁজে তল্লাশি চালাচ্ছে বনদপ্তর। তাকে ধরতে খাঁচা পাতা হয়েছে। কিন্তু প্রতিবেদন লেখা পর্যন্ত চিতাবাঘের খোঁজ মেলেনি।
শুক্রবার রাতের ঘটনা। এদিন রাত সাড়ে ১২টা নাগাদ দার্জিলিং সদর হাসপাতাল চত্বরে ঘুরে বেড়াচ্ছিল এক চিতাবাঘ। হাসপাতাল চত্বরে থাকা সিসি ক্যামেরায় সেই ছবি ধরা পড়ে। যদিও সে কারও কোনও ক্ষতি করেনি। তবে এলাকায় বাঘ ঢুকে আসার খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে আছেন রোগীরাও। এদিন রাত ১২ টা ২৩ মিনিটে সিসিটিভিতে প্রথম চিতাবাঘটি ধরা পড়ে। তাকে এদিক ওদিক ঘুরে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যেতে দেখা যায়। সিসিটিভিতে চিতাবাঘকে দেখে খবর দেওয়া হয় বনদপ্তরকে। চিতার খোঁজে তল্লাশি শুরু হয়েছে এলাকায়। জানা গিয়েছে, পাশের জঙ্গল থেকে চিতাবাঘটি এলাকায় প্রবেশ করেছিল। বাঘটি খাবারের খোঁজে হাসপাতালে এসেছিল কি না সে বিষয়ে বনদপ্তরের কর্মীরা খতিয়ে দেখছেন।
দার্জিলিঙের (বন্যপ্রাণ) ডিএফও শামেদ পাটিল বলেন, "চিতাবাঘকে ধরার জন্য খাঁচা পাতা হয়েছে। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। চিতাবাঘটি পাশের জঙ্গল থেকেই এসেছিল। তবে কারও কোনও ক্ষতি করেনি। "
