shono
Advertisement
Patharpratima

পরকীয়া সন্দেহ! পাথরপ্রতিমায় স্ত্রীকে কুপিয়ে খুন, গ্রেপ্তার পরিযায়ী শ্রমিক

অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই দাম্পত্য কলহের সূত্রপাত। সেই কলহ মোড় নিল হাড়হিম হত্যাকাণ্ডে! অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ তাঁর স্বামীর বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ঘটনায় চাঞ্চল্য।
Published By: Arpita MondalPosted: 06:57 PM Apr 18, 2026Updated: 08:12 PM Apr 18, 2026

দীর্ঘদিন ধরে সন্দেহ। অবশেষে মর্মান্তিক পরিণতি। অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই দাম্পত্য কলহের সূত্রপাত। সেই কলহ মোড় নিল হাড়হিম হত্যাকাণ্ডে! অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ তাঁর স্বামীর বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ঘটনায় চাঞ্চল্য। পরিযায়ী শ্রমিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে পাথরপ্রতিমার (Patharpratima) ওই দম্পতির মধ্যে ঝামেলা চলছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাথরপ্রতিমার দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দুর্গাপুর ৩ নম্বর ঘেরীর বাসিন্দা অনুরূপা হালদারের স্বামী হরপ্রসাদ হালদার কেরালায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। মাঝে মধ্যেই পাথরপ্রতিমার বাড়িতে ফিরতেন তিনি। অনুরূপা সন্তানকে নিয়ে থাকতেন তাঁর বাপের বাড়িতেই। দীর্ঘদিন ধরেই দম্পতির সম্পর্কে টানাপোড়েন চলছিল। মাসকয়েক আগেই শাশুড়ির মৃত্যুর পর শ্বশুরবাড়িতে ফেরেন অনুরূপা। কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্কে কোনও উন্নতি হয়নি।

স্থানীয় সূত্রের খবর, স্ত্রীকে সন্দেহ করতেন হরপ্রসাদ। দিনের পর দিন এই নিয়েই পরিবারিক অশান্তি চরমে ওঠে। যার পরিণাম হিসেবে এই নৃশংস হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ। সন্দেহের বশেই হরপ্রসাদ স্ত্রীকে অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় অনুরূপার।

প্রতিবেশীরা গুণাক্ষরেও এই খুনের ঘটনা টের পাননি বলে জানিয়েছেন। পরে বিষয়টি প্রকাশ্যে আসতে খবর দেওয়া হয় পাথরপ্রতিমা (Patharpratima) থানার পুলিশকে। ঘরের মেঝেতে পড়ে থাকা রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। গ্রেপ্তার করা হয়েছে খুনে অভিযুক্ত স্বামীকে। শনিবার অভিযুক্তকে কাকদ্বীপ আদালতে তোলা হলে বিচারক তাঁকে পুলিশ হেফাজতের নির্দেশ দেন। সন্দেহের বশেই এই খুন না কি হত্যাকাণ্ডের পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement