অর্ণব দাস, বারাসত: ভাটপাড়ায় (Bhatpara) ফের চলল গুলি। প্রাণ গেল এক যুবকের। আর্থিক বিবাদে ওই যুবককে খুন হতে হয়েছে বলেই মনে করা হয়েছে। তবে খুনের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, ভাটপাড়ায় গুলি চলার পর থেকেই আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে ফের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
নিহত বছর পঁয়ত্রিশের সিকন্দর দাস। ভাটপাড়ার ৩৫ নম্বর ওয়ার্ডের বড় শ্রীরামপুর এলাকার বাসিন্দা তিনি। জানা গিয়েছে, সিকন্দর স্থানীয় যুবক মনু সাউয়ের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। ২০ হাজার টাকা মেটাতে পারছিলেন না তিনি। এদিকে, টাকা ফেরত দেওয়ার জন্য প্রায়শই তাঁকে চাপ দিতেন মনু।
[আরও পড়ুন: Viral Video: পাতে আস্ত পুরুষাঙ্গ! হোটেল থেকে আনা প্রিয় খাবার খেতে গিয়ে ক্ষুব্ধ মহিলা]
শনিবার রাতে সিকন্দরের বাড়িতে যান মনু সাউ। টাকা ফেরত দেওয়ার দাবি জানান তিনি। অন্যান্য দিনের মতো শনিবার রাতেও টাকা ফেরত দিতে পারেননি সিকন্দর। তা নিয়ে বচসা বেঁধে যায় দু’জনের। অভিযোগ, কথা কাটাকাটি চলাকালীন সিকন্দরকে লক্ষ্য করে মনু গুলি চালায়। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনেই লুটিয়ে পড়েন সিকন্দর। পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা ছাড়ে অভিযুক্ত।
এদিকে, গুলির শব্দ কানে আসে স্থানীয়দের। তাঁরা তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়েন। দেখেন সিকন্দর রাস্তায় পড়ে রয়েছে। রক্তে ভেসে যাচ্ছে চতুর্দিক। সিকন্দরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান মৃত্যু হয়েছে তাঁর। এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনও গ্রেপ্তার হয়নি মনু। শুধুমাত্র আর্থিক বিবাদ নাকি খুনের (Murder) নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
