shono
Advertisement

Breaking News

পুজোয় ওভারগেট নির্মাণে বিধিনিষেধ ঘিরে বহরমপুরে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব

হঠাৎ কেন এই দ্বন্দ্ব? The post পুজোয় ওভারগেট নির্মাণে বিধিনিষেধ ঘিরে বহরমপুরে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব appeared first on Sangbad Pratidin.
Posted: 04:10 PM Sep 25, 2018Updated: 04:10 PM Sep 25, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেবীপক্ষের আগেই গোষ্ঠীদ্বন্দ্বে জড়াল তৃণমূল৷ পুজোয় রাস্তার উপর ওভারগেট নির্মাণকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধের কাদা ছোঁড়াছুড়িতে মাতলেন তৃণমূলের দুই শীর্ষ নেতা৷ মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি সুব্রত সাহা ও বহরমপুর পুরসভার চেয়ারম্যান নীলরতন আঢ্যের বাকযুদ্ধের জেরে দলের অন্দরে শুরু হয়েছে চাপানউতোর৷ পুজোর মুখে দুই নেতার উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে চূড়ান্ত অস্বস্তিতে শাসক তৃণমূল৷

Advertisement

[কাকদ্বীপে ১২০০ টন ইলিশের ‘হরির লুট’! ব্যাপারটা কী ?]

ঘটনার সূত্রপাত পুজো কমিটির বৈঠক নিয়ে৷ সূত্রের খবর, সম্প্রতি বহরমপুর পুরসভা ও স্থানীয় প্রশাসনের তরফে পুজো কমিটিকে নিয়ে একটি বৈঠক ডাকা হয়৷ ওই বৈঠকে পুজো কমিটিগুলির উপর বেশ কিছু বিধিনিষেধ চাপানো হয়৷ দর্শনার্থীদের নিরাপত্তার কথা ভেবে, ওভারগেট নির্মাণ করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়৷ রাস্তাজুড়ে ওভারগেটে আলোক ও বিজ্ঞাপনের তোরণ নির্মাণ করা যাবে না বলেও প্রশাসন ও পুরসভার তরফে পুজো কমিটিগুলিকে জানানো হয়৷

[ইসলামপুর কাণ্ডের জের, এলাকায় বন্ধ পোলিও টিকাকরণ কর্মসূচি]

পুরসভার এই নির্দেশ জারি হতেই খেপে যান জেলা তৃণমূল সভাপতি৷ প্রকাশ্যে পুরসভা ও প্রশাসনের বিধিনিষেধ পুজো কমিটিগুলিকে মানতে নিষেধ করেন তিনি৷ অভিযোগ, এই মর্মে নিজের প্রভাব খাটিয়ে ১৬টি পুজো কমিটির সঙ্গে বৈঠকও করেন তিনি৷ বৈঠকে রাস্তাজুড়ে ওভারগেট হবেই বলেই পুজো কমিটিগুলিকে অভয় দেন সভাপতি সুব্রত সাহা৷ স্থানীয় সংবাদমাধ্যমে তিনি বহরমপুর পুরসভার চেয়ারম্যান নীলরতন আঢ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন৷ বলেন, ‘‘দুর্গাপুজো বাঙালির প্রাণের উৎসব৷ এই উৎসব ঘিরে কোনও বিধিনিষেধ মানা হবে না৷ কেউ যদি নিষেধাজ্ঞা চাপানোর চেষ্টা করে, তা মেনে নেওয়া হবে না৷’’ এদিন তিনি পুজো কমিটিগুলিকে ওভারগেট নির্মাণের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়ার জন্য মহকুমা শাসকের অফিসে যোগাযোগ করতে নির্দেশ দেন৷ পুজো কমিটিগুলিকে অভয় দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে বলেন, ‘‘মুখ্যমন্ত্রী আমাকে বলেছেন, বহরমপুরের ঐতিহ্য মনে পুজোর যাতে কোনও সমস্যা না হয়, তা দেখতে৷ মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে এখানে পুজো হবেই৷’’

[কনস্টেবলের নিয়োগ পরীক্ষায় ফের হাইটেক টুকলি, গ্রেপ্তার ২৫ জন]

পুজোয় পথনিরাপত্তার স্বার্থে নেওয়া বিধিনিষেধ প্রসঙ্গে বহরমপুর পুরসভার চেয়ারম্যান নীলরতন আঢ্য বলেন, ‘‘পুজোয় দর্শনার্থীদের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে রাস্তাজুড়ে ওভারগেট না করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ পুজো কমিটিগুলিকে সহযোগিতার জন্য আরজিও জানানো হয়৷ পুরসভা ও প্রশাসনের এই নির্দেশ পালন করা হবে বলেও জানায় পুজো কমিটিগুলি৷ কিন্তু, এই নির্দেশ দলের শীর্ষ নেতারা মেনে নিতে পারছেন না কেন জানি না৷ একজন দায়িত্বশীল নেতা হয়ে তিনি কীভাবে প্রশাসনের নির্দেশ অমান্য করতে বলেন? এটা কী হচ্ছে, বুঝতে পারছি না!’’

[বিপজ্জনক সেতুতে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা, আতঙ্ক বালুরঘাটে]

যদিও, রাস্তাজুড়ে ওভারগেট নির্মাণ ও প্যান্ডেল নির্মাণ বেআইনি বলে আগেই জানিয়েছে কলকাতা হাই কোর্ট৷ এছাড়াও, প্রায় প্রতিবারই বৃষ্টি অথবা দমকা হওয়ায় জেলায় জেলায় ওভারগেট ভেঙে বিপত্তি নতুন কিছু নয়৷ তোরণ ভেঙে হতাহতের আশঙ্কাও থেকে যায়, তা ভালই জানে প্রশাসন৷ ফলে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পুরসভার এই সিদ্ধান্তকে স্বাগতও জানিয়েছেন পুর-এলাকার বাসিন্দারা৷ কিন্তু, নির্দেশ নিয়ে দলের অন্দরে জলঘোলা হওয়ার ঘটনায় বেশ বিরক্ত শাসকশিবির৷

The post পুজোয় ওভারগেট নির্মাণে বিধিনিষেধ ঘিরে বহরমপুরে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement