রাজকুমার কর্মকার, জলদাপাড়া: মধ্য অগ্রহায়ণে এমনিতেই ঝুপ করে সন্ধে নামে। তায় আবার জঙ্গল হলে তো আর কথাই নেই। ঝিঁঝিঁ ঢাকা অন্ধকারে এমন বিপদ অপেক্ষা করে আছে ঘুণাক্ষরেও বুঝতে পারেননি সিলতোরসা বিটের অফিসার। ঘন জঙ্গলে যাওয়াই কাল হল বছর ৫৩-র ওই প্রৌঢ়ের। উন্মত্ত গন্ডারের আক্রমণে বেঘোরে প্রাণ গেল উত্তর জলদাপাড়া রেঞ্জের ওই আধিকারিকের। গন্ডার খড়গ দিয়ে চিড়ে-ফুঁড়ে দেয় ওই বিট অফিসারকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বুধবার গোটা রাত তাঁর দেহ জঙ্গলেই পড়ে থাকে। বৃহস্পতিবার সকালে তাঁর দেহ উদ্ধার করেন বনদপ্তরের কর্মীরা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে ছিন্নভিন্ন দেহ দেখে এ কাজ গন্ডারেরই মনে হচ্ছে বনকর্মীদের।
[এক আছাড়েই খতম চিতাবাঘ, ডুয়ার্সের চা-বাগানে নয়া আতঙ্ক ঘাতক হাতির দল]
উত্তর জলদাপাড়া রেঞ্জের আধিকারিকরা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় কাউকে না জানিয়েই গভীর জঙ্গলে গিয়েছিলেন মাদারিহাটের বাসিন্দা বিট অফিসার উত্তম সরকার। কেন তিনি গিয়েছিলেন তা এখনও অজানা। সেখানেই গন্ডারের হামলায় তাঁর মৃত্যু হয়। অনুমান, চোরাশিকারিদের আঁচ পেয়েই গিয়েছিলেন নিহত প্রৌঢ়। অন্যদিকে, অন্ধকারে বিট অফিসারকে হামলাকারী ভেবে আক্রমণ করে বসে গন্ডার। নিহত প্রৌঢ়ের শরীর ফালা ফালা করে দিয়েছে গন্ডার। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে বনদপ্তর। কেন ওই আধিকারিক একা জঙ্গলে গিয়েছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে চোরাশিকারিরা গন্ডারের খড়গ দিয়ে বিট অফিসারের শরীর ছিন্ন-ভিন্ন করে দিয়েছে এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না বনদপ্তর। ডিএফও বিমান বিশ্বাস জানিয়েছেন, মৃত আধিকারিকের পরিবারের পাশে আছে দপ্তর।
[শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আরও এক রয়্যাল বেঙ্গল]
প্রসঙ্গত, সাম্প্রতিককালে কুনকি হাতির আক্রমণের গঠনা অহরহ ঘটছে জলদাপাড়ায়। হাতির হানায় একাধিক মাহুতের মৃত্যু হয়েছে। কিন্তু গন্ডারের হানায় মৃত্যুর ঘটনা নজিরবিহীন। বিগত ৯-১০ বছরে এমন ঘটনার নজির নেই। উল্লেখ্য, দিন কয়েক আগের ঘটনা। ডুয়ার্সে লাটাগুড়িতে জাতীয় সড়কে হাতির সঙ্গে সেলফি তুলে গিয়ে মারা গিয়েছিলেন এক যুবক। তারপরই হাতির রোষের মুখে পড়ে ডুয়ার্সের চা-বাগানে প্রাণ যায় একটি পূর্ণবয়ষ্ক চিতাবাঘের। গত শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে মালবাজারের বেদগুড়ি চা বাগানে। চিতাবাঘের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বনদপ্তর।
The post গন্ডারের হামলায় ছিন্নভিন্ন বিট অফিসার, জলদাপাড়ায় ঘনাল রহস্য appeared first on Sangbad Pratidin.
