আচমকা রাস্তার পাশে রাখা রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণ! তীব্রতায় ঝলসে গেল চার খুদে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ভর্তি করা হয়েছে বাঙ্গুর হাসপাতালে।
জানা গিয়েছে, কয়েক দিন আগেই ক্যানিং বিধানসভার অন্তর্গত ঘটকপুকুর থেকে মধ্য খড়গাছি পর্যন্ত ৭ কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে ওই রাস্তায় প্রায় ২০০ লিটার লাইট ডিজেল অয়েল (এলডিও) বোঝাই একটি ড্রাম রাখা ছিল। ড্রামের পাশেই খেলছিল ৮ থেকে ১০ বছর বয়সি চার পড়ুয়া। হঠাৎই বিকট শব্দে ফেটে যায় ড্রামটি। বিস্ফোরণের তীব্রতায় একজন শিশু মারাত্মকভাবে ঝলসে যায়, বাকি তিনজনও কমবেশি দগ্ধ ও আহত হয়। দহনযন্ত্রণা সহ্য করতে না পেরে এক শিশু পাশের পুকুরে ঝাঁপ দেয়।
ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসনিক কর্তারা। নিজস্ব চিত্র
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের নলমুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তিনজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের কলকাতার এমআর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করে। আহতদের মধ্যে সাদিকুল মোল্লা নামে এক খুদের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার খবর পেয়ে ভাঙড় ডিভিশনের ডেপুটি কমিশনার সৈকত ঘোষ এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ঘটনাস্থলে পৌঁছন। তদন্তে নামে পুলিশ। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে কলকাতা পুলিশের বোমা স্কোয়াড ও ডগ স্কোয়াডও ঘটনাস্থল ঘুরে দেখে। রাস্তা মেরামতির কাজে নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, দাহ্য পদার্থ খোলা রাস্তায় কেন ফেলে রাখা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। এই ঘটনায় নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে স্থানীয়রা।
