অরিজিৎ গুপ্ত, হাওড়া: খুন নাকি আত্মহত্যা? হাওড়ার চ্যাটার্জিহাটে ব্যবসায়ীর গুলিবিদ্ধ দেহ উদ্ধারে চাঞ্চল্য। ওই ব্যবসায়ীর দেহের পাশ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। তবে তাঁর কাছে আদৌ আগ্নেয়াস্ত্র ছিল কিনা, তা নিহতের স্ত্রী জানতেন না বলেই দাবি। ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
বিপ্লব পাঁজা নামে ওই ব্যক্তি লোহার ব্যবসা করতেন। স্ত্রী ও সন্তানকে নিয়ে হাওড়ার চ্যাটার্জিহাটে বসবাস করতেন তিনি। অন্যান্য দিনের মতো শনিবার সকালে ছেলেকে স্কুলে দিতে গিয়েছিলেন ওই ব্যবসায়ীর স্ত্রী। ছেলের স্কুল থেকে বাড়ি ফিরে অবাক হয়ে যান ওই ব্যবসায়ী। তিনি দেখেন ঘরে পড়ে রয়েছে স্বামীর দেহ। তাঁর পাশে পড়ে রয়েছে আগ্নেয়াস্ত্র। কান্নায় ভেঙে পড়েন নিহতের স্ত্রী।
[আরও পড়ুন: সীমা হায়দারের ভারতে থাকার জের? ‘শিক্ষা’ দিতে পাকিস্তানের একাধিক হিন্দু মন্দিরে রকেট হামলা!]
খুন নাকি আত্মহত্যা করেছেন বিপ্লব, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ওই আগ্নেয়াস্ত্রটি লাইসেন্স ব্যবসায়ীর নামে রয়েছে নাকি অন্য কারও, তা এখনও জানা যায়নি। নিহতের স্ত্রী জানতেন না যে ওই ব্যবসায়ীর কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে। তাঁর এই মন্তব্যে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সম্প্রতি পৈতৃক ব্যবসা থেকে বাদ পড়েন ওই ব্যবসায়ী। নিজে ব্যবসা শুরু করেছিলেন। আর্থিক সমস্যায় ভুগছিলেন। তার জেরে ওই ব্যবসায়ী আত্মঘাতী হয়েছেন বলেই মনে করা হচ্ছে।
