সরকারি ত্রাণসামগ্রী বেআইনিভাবে মজুত রাখা হয়েছিল চেয়ারম্যানের বাড়ির পাশের ক্লাবে। ত্রিপল, কম্বল ও তন্তুজের শাড়ি মজুত রাখার অভিযোগে আটক নদিয়ার নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা। শনিবার ভোররাত ৩টে ৪০ নাগাদ তাঁকে আটক করে পুলিশ। নিজ বাসভবন থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে নবদ্বীপ থানায়। বাড়ির বাইরে জনরোষের মুখেও পড়েন এই তৃণমূল নেতা। পুলিশ তাঁকে নিয়ে যাওয়ার সময়, জুতো, জলের বোতল ছোড়ে সাধারণ মানুষ। একটি জুতো গিয়ে পরে বিমান সাহার মাথাতে। তবে তাঁর বিরুদ্ধে ওঠা ত্রাণ সামগ্রী মজুত ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন পুরপ্রধান।
ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। আনুমানিক রাত সাড়ে ১০টার সময় নবদ্বীপের বরালঘাট স্পোর্টিং ক্লাবে অভিযান চালায় পুলিশ। তারপরই বিপুল ত্রাণের ত্রিপল, কম্বল ও তন্তুজের শাড়ি উদ্ধার করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালায় পুলিশ। স্থানীয়দের অভিযোগ, সাধারণ মানুষের জন্য সরকারি অর্থে বরাদ্দ হওয়া ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে ওই ক্লাবে মজুত করা ছিল। কে মজুত করেছে? অভিযোগ তির নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহার বিরুদ্ধে। ঘটনাচক্রে ওই ক্লাবটি পুরপ্রধানের বাড়ির পাশেই।
তল্লাশি অভিযানের পর শনিবার ভোররাতে আনুমানিক ৩টে ৪০ নাগাদ বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানকে আটক করে। এই ঘটনায় জনরোষ তৈরি হয়। বিমানকৃষ্ণকে থানায় নিয়ে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে জলের বোতল, জুতো ছোঁড়া হয়। ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়।
