মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত শুক্রবার বহরমপুরের কর্ণসুবর্ণ রেলগেটে ভয়াবহ দুর্ঘটনায় ৪ শিশু-সহ ৫ জনের মৃত্যু হয়। মৃতের পরিবারগুলির সঙ্গে দেখা করতেই আগামিকাল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ যাচ্ছেন বলে খবর। বহরমপুর থানার গোবিন্দপুরে মৃতের পরিবারগুলির সঙ্গে দেখা করবেন তিনি। শুধু তাই নয়, যেখানে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে সেখানেও মুখ্যমন্ত্রী যেতে পারেন বলে খবর। মুখ্যমন্ত্রীর এহেন সফরের আগেই জেলাজুড়ে শুরু হয়েছে জোর তৎপরতা। কর্ণসুবর্ণ গোবিন্দপুর এলাকা পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার-সহ প্রশাসনিক আধিকারিকরা। আলোচনা হয় নিরাপত্তা নিয়েও।
ভয়াবহ এই দুর্ঘটনার পরই মৃত এবং আহতদের পরিবারের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, অভিযুক্ত গেটম্যানকে গ্রেপ্তারেও নির্দেশ দিয়েছিলেন।
গত শুক্রবার সকালে কাটোয়া আজিমগঞ্জ শাখায় রেল লাইনের বহরমপুর থানার গোবিন্দপুর এলাকায় রেলগেটে মধ্যে একটি পুলকারে ধাক্কা মারে ট্রেন। ঘটনায় মৃত্যু হয় চার পড়ুয়া ও এক সাইকেল আরোহীর। ঘটনায় গুরুতর আহত আরও তিন পড়ুয়া এবং ওই পুলকারের চালক। ভয়াবহ এই দুর্ঘটনার পরই মৃত এবং আহতদের পরিবারের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, অভিযুক্ত গেটম্যানকে গ্রেপ্তারেও নির্দেশ দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, ''ফুলের মতো ছোট ছোট ছেলেমেয়ে প্রাণ হারিয়েছে। কিছু বলার মতো ভাষা নেই। অত্যন্ত মর্মান্তিক ঘটনা।'' শুধু তাই নয়, 'ক্ষমার অযোগ্য অপরাধ' বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
দুর্ঘটনার সময়ের ছবি।
এবার মৃত এবং আহত পড়ুয়াদের পরিবারের সঙ্গে দেখা করতে মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে মুর্শিদাবাদ পৌঁছাবেন। এরপর বহরমপুর থানায় পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, ঘটনায় কি পদক্ষেপ বা তদন্ত কোন পর্যায়ে রয়েছে সে বিষয়েও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে রেলের তরফেও পৃথকভাবে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার পরেই ঘটনাস্থলে যান এডিআরএম-এর নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্তকারী দল। গোটা ঘটনা খতিয়ে দেখছেন তাঁরা। সে বিষয়েও খোঁজ খবর নিতে পারেন মুখ্যমন্ত্রী।
