দেশের ৮০ তম স্বাধীনতা দিবস স্কুল-কলেজ-সহ বিভিন্ন জায়গায় উদযাপন হয়েছে। তবে দুর্গাপুর কলেজে অন্য ছবি ধরা পড়েছে। জাতীয় পতাকা উত্তোলন, দেশাত্মবোধক গানের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস অনুষ্ঠানের পরেই দেখা গেল অন্য ছবি। কলেজ চত্বরে চালানো হল ডিজে! 'শওকত মাছ চোর' গানের সঙ্গে চলল উদ্দাম নাচ! ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। সেই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবাদ উঠেছে বিভিন্ন মহলে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
ঘটনাটি দুর্গাপুরের (Durgapur) একটি কলেজের বলে দাবি করা হয়েছে। স্বাধীনতা দিবসের দিন সকালে ওই কলেজে পতাকা উত্তোলন হয়েছিল। পরে কলেজের মধ্যেই ডিজে বাজানো হল! কলেজের একটি ঘরে আগে থেকে ব্যবস্থা ছিল! ওই ঘরে ডিজে সাউন্ড সিস্টেম, বড় এলইডি স্ক্রিন লাগানো ছিল। ওই ঘরেই চলতে থাকে 'শওকত মাছ চোর'। সেই গানের সঙ্গে চলে উদ্দাম নাচ! ওই মুহূর্তের বেশ কয়েকটি ভিডিও মোবাইল ফোনে কেউ বা কারা তুলেছিলেন। এদিন সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর তারপরেই ঘটনা জানাজানি হয়েছে। রীতিমতো হইচই শুরু হয়ে গিয়েছে।
কারা এই কাজ করল? যাদের ভিডিওতে দেখা যাচ্ছে, তারা কি কলেজের পড়ুয়া নাকি বহিরাগত? সেই প্রশ্ন উঠেছে। কলেজ কর্তৃপক্ষ কি এই বিষয়ে কিছুই জানত না? নাকি জেনেও কোনও বিশেষ কারণে মুখবন্ধ রেখেছিল। কলেজে স্বাধীনতা দিবসের দিন এমন ঘটনা ঘটলে মূল্যবোধ, সংস্কৃতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? সেই চর্চাও শুরু হয়েছে। দেখা গিয়েছে জোর বিতর্ক। ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে কলেজ কর্তৃপক্ষ। যদিও পরে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিষয়টি জানার পরেই প্রতিবাদ করেছেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এই ধরনের ঘটনা বাংলার সংস্কৃতির পরিচয় হতে পারে না। তিনি বলেন, “১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন এই ধরনের গান যারা বাজিয়ে নেচেছিল, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। এই বিষয়টি নিয়ে কলেজের প্রিন্সিপাল এবং উচ্চশিক্ষা মন্ত্রীকেও চিঠি লিখব।”
