shono
Advertisement
Kalyani Expressway

চলন্ত বাইকের সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে দড়িতে বাঁধা 'অন্তঃসত্ত্বা' কুকুর! ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে বিতর্ক

বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস দিয়েছে পুলিশ।
Published By: Tiyasha SarkarPosted: 07:20 PM Mar 15, 2026Updated: 08:51 PM Mar 15, 2026

ভরসন্ধ্যায় কল্যাণী এক্সপ্রেসওয়ে (Kalyani Expressway) ধরে ছুটছে বাইক। সঙ্গে দড়ি বাঁধা অবস্থায় দৌড়চ্ছে চারপেয়ে! সোশাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও ঘিরেই তুঙ্গে বিতর্ক। বিষয়টা নজরে পড়তেই ফুঁসে উঠেছে পশুপ্রেমীরা। বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস দিয়েছে পুলিশ।

Advertisement

বাইকের সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে কুকুর। ভাইরাল ভিডিও।

বিষয়টা ঠিক কী? কী রয়েছে ভাইরাল ভিডিওতে? দেখা যাচ্ছে, একটি মোটর বাইকে কল্যাণী এক্সপ্রেস ধরে এগোচ্ছেন এক দম্পতি। এরপরই চোখে পড়বে, বাইকের পাশে দৌড়চ্ছে একটি কুকুর। এরপরই যে কারও চোখ যাবে বাইকের পিছনের আসনে বসা মহিলার হাতে। দেখা যাচ্ছে, হাতে কুকুরের গলার রশি। এক্সপ্রেসওয়েতে ছুটছে বাইক। তার সঙ্গে পাল্লা দিয়ে দৌঁড়ে চলছে চারপেয়ে। এক ব্যক্তি গোটা ঘটনার ভিডিও করে তা পোস্ট করেন সোশাল মিডিয়ায়। তিনি বলেন, কুকুরটিকে টানতে টানতে কয়েক কিলোমিটার নিয়ে যাওয়া হয়েছিল। যিনি ভিডিও রেকর্ড করেছেন তাঁর দাবি, কুকুরটি সম্ভবত গর্ভবতী (সেই দাবির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন)।

উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা ও নদিয়ার সঙ্গে সংযোগকারী কল্যাণী এক্সপ্রেসওয়ে। সর্বদাই দ্রুতগতির যান চলাচল করে সেখানে। সেরকম একটি রাস্তায় বাইকের সঙ্গে কুকুরকে দৌড় করানোর ঘটনায় স্বাভাবিকভাবেই দানা বেঁধেছে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় অভিযুক্তদের শাস্তির দাবি তুলেছে পশুপ্রেমী সংগঠন ও স্থানীয়রা। এবিষয়ে বারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি ট্রাফিক রাজনারায়ণ মুখোপাধ্যায় জানান, “ভিডিওটি খতিয়ে দেখে কল্যাণী এক্সপ্রেসওয়ের কোন এলাকার ঘটনা তা চিহ্নিত করার চেষ্টা চলছে। অভিযুক্তদের শনাক্তকরণেরও চেষ্টা করা হচ্ছে। এরপর সংশ্লিষ্ট থানায় পশু নির্যাতনের অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু করা হবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement