আউটডোরে চিকিৎসা করতে গেলে লাগবে আধার নম্বর! অথবা দেখাতে হবে আয়ুষ্মান ভারত কার্ড। অভিযোগ, প্রচার বা ঘোষণা ছাড়া হঠাৎ করে এই নিয়ম চালু করা হয়েছে ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে। তাতেই বিপাকে পড়েছেন কয়েকশো রোগী। আধার সঙ্গে না আনায় চিকিৎসা না করিয়েই ফিরে যেতে হচ্ছে বলে দাবি রোগী ও তাঁদের পরিজনের।
রোগীদের দাবি, আগে মাত্র দু’টাকা দিয়ে আউটডোরের একটা টিকিট কেটে চিকিৎসা করানো যেত। কিন্তু বুধবার টিকিট কাউন্টারে আধার নম্বর অথবা আয়ুষ্মান ভারত কার্ডের নম্বর চাওয়া হয়। কাছে না থাকায় দূর-দূরান্ত থেকে আসা বহু রোগীকে ফিরে যেতে হয়েছে। রানিনগরের তাহাসিন শেখ বলেন, “দশ দিন আগেও এই নিয়ম ছাড়াই চিকিৎসা করিয়েছি। কোনও অসুবিধা হয়নি। আজ এসে শুনছি আধার নম্বর ছাড়া টিকিট হবে না।” একই অভিযোগ নাজিরপুরের সাহেদা বিবিরও। চোখ দেখাতে এসে আধার কার্ড সঙ্গে না থাকায় তাঁকেও ফিরে যেতে হয়েছে। লস্করপুরের সাগির আলি ও ভগীরথপুরের রবিন হালদারের অভিযোগ, “নিয়ম চালুর আগে কোনও প্রচার বা ঘোষণা করা হয়নি। কয়েক কিলোমিটার দূর থেকে এসে ফিরে যেতে হচ্ছে। আগে জানলে প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে আসতাম।”
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রাজ্য স্বাস্থ্যদপ্তরের নির্দেশ অনুযায়ী আধার অথবা আয়ুষ্মান ভারত কার্ডের নম্বর ব্যবহারের নিয়ম চালু করা হয়েছে। হাসপাতালের সুপার জানান, “আগেই এই নির্দেশ ছিল। নিয়মটি চালু করতে একটু দেরি হয়েছে। আয়ুষ্মান ভারত কার্ড থাকলে আলাদা কোনও কাগজ দেখানোর প্রয়োজন নেই। সেটি না থাকলে বিকল্প হিসেবে আধার নম্বর দিতে হবে।” প্রশ্ন উঠছে আগে থেকেই নিয়ম জারি থাকলে এত দেরিতে চালু কেন? ঠিক মতো প্রচার করা হল না কেন? রোগীর পরিজনদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাঁদের দাবি, আগে থেকে বিষয়টি জানানো হলে অসুস্থ মানুষদের এই হয়রানি হত না।
