রাজা দাস, বালুরঘাট: পাওনা দু’লক্ষ টাকা আদায় করতে গিয়ে খুন হলেন এক ব্যক্তি। মৃতের পরিবারের তরফে এমনই অভিযোগ উঠেছে দক্ষিণ দিনাজপুরে। মৃতের নাম ওসমান আলি মণ্ডল(৫৫)। সোমবার রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে ওসমান আলির বাড়িতে খবর দেওয়া হয়। খবর যায় স্থানীয় থানাতে। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়াতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতদেহের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ঠোঁটের কোণে রক্তের চিহ্নও মিলেছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের তপন থানার রামপুরের নিশ্চিন্তা এলাকায়।
[জন্মদিনে ভবঘুরেদের ভোজ, মানবিকতার নজির বালুরঘাটের যুবকের]
পরিবারের তরফে অভিযোগ, পাওনার টাকা নিতে গিয়েই খুন হয়েছেন ওসমান। পাওনাদারই তাঁকে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে। অভিযুক্তের নাম নাজির মণ্ডল। তাঁর কাছেই দু’লক্ষ টাকা পেতেন ওসমান আলি। রবিবার রাতে সেই টাকা শোধ করার কথা ছিল নাজিরের। টাকা আনতে যাওয়ার কথা বলেই বাড়ি থেক বের হন ওসমান আলি। তবে রাত বাড়লেও তিনি আর বাড়িতে ফেরেননি। বাড়ির লোকজন খোঁজাখুঁজি করেও তাঁর কোনও হদিশ পাননি। এদিন বেলা বাড়লে প্রতিবেশীরা এসে তাঁর মৃত্যুর খবর দেন। পরিবারের দাবি, ওসমানকে খুন করেছে নাজির মণ্ডল। টাকার জন্যই খুন হয়েছেন ওসমান। এদিকে তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, নাজির মণ্ডলের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল ওসমান আলির। সেই কারণেই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। তবে তদন্ত সম্পূর্ণ না হলেও কিছুই বলা সম্ভব নয়। এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত নাজির মণ্ডল। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে তপন থানার পুলিশ।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। খুনের ঘটনা নিয়ে মুখ খোলেননি অভিযুক্তের স্ত্রী। তবে নাজির মণ্ডলের বাড়িতে তালা ঝুলছে। অন্যদিকে প্রৌঢ়ের বিরুদ্ধে ওঠা অবৈধ সম্পর্কের অভিযোগ মানতে চাননি তাঁর পরিবারের সদস্যরা। গোটা ঘটনা নিয়েই ধন্দে পুলিশ। অভিযুক্ত গ্রেপ্তার হলেই জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ঘটনা প্রকাশ্যে আসবে।
[বাড়িতে ঢুকে ঘুমন্ত মহিলার উপর ব্লেড নিয়ে হামলা, চাঞ্চল্য সোনারপুরে]
The post পাওনা দু’লক্ষ টাকা আদায় করতে গিয়ে খুন প্রৌঢ়, চাঞ্চল্য বালুরঘাটে appeared first on Sangbad Pratidin.
