সোমনাথ পাল, বনগাঁ: ভুয়ো চিকিৎসক সন্দেহে এক ব্যক্তি ও তার এক সঙ্গীকে গণধোলাই দিল গ্রামবাসীরা৷ দু’জন আক্রান্তের নাম মুবারক মণ্ডল ও ফারুক আহমেদ৷ সোমবার বিকেলে গোপালনগর থানার কদমতলা এলাকার ঘটনা৷
[মারা গিয়েছে ২৬/১১ হামলার রাজসাক্ষী ডেভিড হেডলি! জল্পনা তুঙ্গে]
গ্রামবাসীদের অভিযোগ ধৃত ওই ব্যক্তি নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে গ্রামে বিনা পয়সায় একটি চিকিৎসা শিবির আয়োজনের কথা বলে প্রচার চালায়৷ সেই মতো সোমবার স্থানীয় একটি ক্লাব ঘরে বসে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ঔষধ দিচ্ছিল মুবারক ও তার অ্যাসিস্ট্যান্ট ফারুক৷ এর পরই সন্দেহ হলে ওই চিকিৎসক কে জেরা করে আসল পরিচয় পেয়ে উত্তেজিত হয়ে ওই দু’জনকে আটকে বেধড়ক মারধর শুরু করেন স্থানীয়রা৷ খবর পেয়ে পুলিশ উত্তেজিত গ্রামবাসীদের হাত থেকে আক্রান্তদের উদ্ধারে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভের পাশাপাশি টাকা ফেরতের দাবি জানান স্থানীয়রা৷
ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে মুবারকের বাড়ি আমডাঙা থানা এলাকায় ও ফারুকের বাড়ি বসিরহাটে৷ ধৃতরা পল্লি চিকিৎসক হলেও তারা নিজেদের এমবিবিএস পরিচয় দেয়৷ এমনকী লেখার প্যাডে মুবারক ডিগ্রির বন্যা বইয়ে দেয়৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷ মঙ্গলবার ধৃতদের বনগাঁ মহাকুমা আদালতের নির্দেশে পাঁচ দিনের জন্য নিজেদের হেফাজতে নেয় পুলিশ৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে ধৃতদের দেখানো সকল ডাক্তারি শংসাপত্রই জাল৷ ধৃতরা তাদের অপরাধের কথা কবুল ও করেছে৷
[হোয়াটসঅ্যাপেই জানা যাবে লাইভ আপডেট, নয়া পরিষেবা ভারতীয় রেলের]
