অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: পাহাড়ে পথ দুর্ঘটনার কবলে একই পরিবারের চারজন। মৃত্যু হল দশ মাসের শিশু-সহ বাবা। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পরিবারের আরও দুই সদস্য। কী কারণে দুর্ঘটনা হল, তা খতিয়ে দেখা হচ্ছে।
গাড়িতে চড়ে একই পরিবারের চারজন গরুবাথানের পাথরঝোড়া থেকে কালিম্পংয়ে ফিরছিলেন। সঙ্গে ছিলেন তাঁদের গাড়িচালকও। লাভা বাজারের কাছে পাহাড়ি বাঁকে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। প্রায় ৩০০ মিটার নিচে খাদে পড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় একই পরিবারের দুই সদস্যের। মৃত বিনোদ ছেত্রী এবং তাঁর দুমাসের শিশুসন্তান আভিয়ান ছেত্রী। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরিবারের দুই সদস্যকে উদ্ধার করে কালিম্পং জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আপাতত তাঁদের চিকিৎসা চলছে।
[আরও পড়ুন: ‘যত ভোট, তত গাছ’, বর্ষার আগেই ঘাটালে বৃক্ষরোপণ দেবের, আর কী কী করবেন?]
পুলিশ সূত্রে খবর, কোনও আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন তাঁরা। গভীর রাতেই বাড়ি ফিরছিলেন। রাতের অন্ধকারে সম্ভবত গাড়িচালক পাহাড়ি বাঁকে নিয়ন্ত্রণ হারান বলেই অনুমান। তবে দুর্ঘটনার নেপথ্যে দ্রুত গতি কারণ কিনা, তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, এর আগে রবিবার বিকেলে লিকুভির কাছে গাড়ি নিয়ন্ত্রণ হারায়। তিস্তার খাদে পড়ে যায় যাত্রীবোঝাই গাড়ি। তাতে চালক ছাড়াও দুজন যাত্রী ছিলেন। তাঁরা তেলেঙ্গানার বাসিন্দা ছিলেন। তাঁদের উদ্ধার করে রাম্বির গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা করা হয় তাঁদের।
