shono
Advertisement

Breaking News

Howrah Zilla Parishad

সরকারের উন্নয়নযজ্ঞে শামিল হওয়ার বার্তা, হাওড়া জেলা পরিষদে এবার নয়া সভাধিপতি ও সহকারী সভাধিপতি

সদস্যদের ভোটাভুটির মধ্য দিয়ে এদিন হাওড়া জেলা পরিষদে নতুন বোর্ড গঠন হল।
Published By: Jaba SenPosted: 08:57 AM Jul 04, 2026Updated: 12:34 PM Jul 04, 2026

দুর্নীতির অভিযোগে সভাধিপতি ও সহ-সভাধিপতির বিরুদ্ধে আনা অনাস্থার জেরে দিনকয়েক আগে ভেঙে গিয়েছিল তৃণমূল পরিচালিত হাওড়া জেলা পরিষদের (Howrah Zilla Parishad) বোর্ড। শুক্রবার জেলা পরিষদের নির্বাচিত বোর্ডের ৪২ জন সদস্যের মধ্যে ৩৬ জন সদস্য ভোট দিয়ে ফের অন্য ২ জনকে সভাধিপতি ও সহ-সভাধিপতি নির্বাচিত করলেন। বাকিরা অনুপস্থিত ছিলেন ও ভোট দেননি। সদস্যদের ভোটাভুটির মধ্য দিয়ে এদিন হাওড়া জেলা পরিষদে নতুন বোর্ড গঠন হল। নতুন সভাধিপতি হলেন গোপা ঘোষ। সহ-সভাধিপতি হলেন তুষারকান্তি ঘোষ।

Advertisement

দায়িত্ব নেওয়ার পর সভাধিপতি ও সহ-সভাধিপতি দু'জনেরই বক্তব্য, নতুন যে বোর্ড গঠন হল সেই বোর্ড সরাসরি তৃণমূল বা বিজেপি পরিচালিত বোর্ড নয়, এই নতুন বোর্ড আগামিদিনে রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে উন্নয়নমূলক কাজ করবে।
এই প্রসঙ্গে এদিন জেলা পরিষদের সহ-সভাধিপতি তুষার ঘোষ বললেন, "জেলা পরিষদের নতুন এই বোর্ড সরাসরি বিজেপি অথবা তৃণমূল পরিচালিত নয়। এই বোর্ড রাজ্য সরকারের উন্নয়নের দ্বারাই পরিচালিত হবে। আমরা কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি নই। আমরা জেলা পরিষদে জনপ্রতিনিধি হিসাবে সরকারের উন্নয়নমূলক যা কাজ আছে তাই নয়া করব।” সহ-সভাধিপতির মতোই সভাধিপতি গোপা ঘোষও দাবি করেন, তাঁরা তৃণমূলের হয়ে বোর্ড সদস্য হলেও আগামিদিনে বর্তমান রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজেই শামিল হবেন।

শুক্রবার নতুন বোর্ড গঠন হওয়ার পর জেলা পরিষদের অফিসে গিয়ে দেখা যায়, সভাধিপতি ও সহ-সভাধিপতির ঘরে দেশের বর্তমান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি টাঙানো রয়েছে। একসময় তৃণমূল পরিচালিত বোর্ডের সদস্য হয়েও কেন তাঁদের ঘরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি? এই প্রশ্নের উত্তরে সভাধিপতি ও সহ-সভাধিপতি ২ জনেই জানান, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কোনও রাজনৈতিক দলের লোক নন। তাঁরা সকলের। তাই জেলা পরিষদের অফিসে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি টাঙানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement